বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বক্রেশ্বরের বিশ্বকর্মা পুজোর থিমে শতবর্ষে উত্তম

18 September, 2026 6:18 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, বীরভূম: বাংলা চলচ্চিত্রের  ‘মহানায়ক’ উত্তম কুমারের জন্মশতবর্ষে এক অনন্য শ্রদ্ধার্ঘ্যের সাক্ষী হতে চলেছে বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। রাজ্যে বিদ্যুৎ উন্নয়ন নিগমের অধীনে থাকা এই কেন্দ্রের অপারেশন ডিপার্টমেন্ট এবার বিশ্বকর্মা পুজোয় বেছে নিয়েছে বিশেষ থিম—‘শতবর্ষের মহানায়ক উত্তম কুমার’। অভিনব ভাবনা ইতিমধ্যেই বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের পাশাপাশি আশপাশের অঞ্চলের মানুষের মধ্যেও কৌতুহল ও উৎসাহের সঞ্চার করেছে। মণ্ডপসজ্জা থেকে শুরু করে প্রদর্শনী—সর্বত্র ফুটিয়ে তোলা হয়েছে মহানায়কের বর্ণময় কর্মজীবন।
পুজো মণ্ডপে পা রাখলেই মনে হবে যেন সিনেমার সেট অথবা চলচ্চিত্র সংগ্রহশালায় প্রবেশ করা হল। মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে উত্তম কুমার অভিনীত একাধিক সুপারহিট ছবির বিরল পোস্টার, স্টিল ছবি এবং তাঁর জীবনের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত। ‘হারানো সুর’, ‘সপ্তপদী’, ‘নায়ক’, ‘এন্টনী ফিরিঙ্গী’, ‘দেয়া নেয়া’ থেকে শুরু করে ‘মরুতীর্থ হিংলাজ’-এর মতো কালজয়ী সিনেমার আবহ ফুটিয়ে তোলা হয়েছে আলোকসজ্জা ও চিত্রশিল্পের মেলবন্ধনে। পুজো প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শনী। সেখানে উত্তম কুমারের শৈশব থেকে চলচ্চিত্রে আত্মপ্রকাশ, একের পর এক হিট ছবি উপহার দিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছানো এবং তৎকালীন ভারতীয় সিনেমায় তাঁর অতুলনীয় প্রভাব—সবটাই ক্রমানুসারে সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি মহানায়কের ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্প, তাঁর অভিনয়শৈলীর বিশিষ্টতা এবং সত্যজিৎ রায় ও তরুণ মজুমদারের মতো বিশ্ববরেণ্য পরিচালকদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে বিশেষ ব্লার্ব ও ব্যানারের মাধ্যমে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের কারিগরি কর্মী ও প্রকৌশলীরা নিজেদের দৈনন্দিন কাজের ব্যস্ততার মাঝেও এই থিমটিকে বাস্তব রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন। যন্ত্রপাতির কোলাহলের মাঝে বিশ্বকর্মা পুজোর এই আয়োজনে শিল্প সংস্কৃতির ছোঁয়া পরিবেশকে আরও আনন্দময় করে তুলেছে। অপারেশন ডিপার্টমেন্টের আধিকারিকদের মতে, কেবল বিদ্যুৎ উৎপাদনই লক্ষ্য নয়, সামাজিক দায়িত্ব ও নিজস্ব সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়াও তাদের সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। কালজয়ী শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানানো নতুন প্রজন্মের কাছে এক ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।
বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের অপারেশন ডিপার্টমেন্টের এই বিশেষ উদ্যোগ কেবল বীরভূম জেলায় নয়, আশপাশের জেলাগুলিতেও প্রশংসা কুড়োচ্ছে।

প্রতিবেদন

Lopa Bhowmik