শিল্প প্রতিমন্ত্রীর বাড়ির কাছেই এক রাতে ৫ বাড়িতে দুঃসাহসিক চুরি
সংবাদদাতা, পূর্ব বর্ধমান: বর্ধমানে উল্লাস উপনগরীতে শিল্প প্রতিমন্ত্রীর বাড়ির কাছেই এক রাতে ৫ টি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের এমন বেপরোয়া কাজের পর প্রশ্ন উঠেছে এলকার নিরাপত্তা নিয়ে। তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
কড়া নিরাপত্তা ব্যবস্থা ও ভিআইপি আনাগোনার মধ্যেই ভয়াবহ চুরির ঘটনা ঘটল বর্ধমানের উল্লাস উপনগরীতে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রাজ্য সরকারের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রর বাড়ির ঠিক পাশের রাস্তায়, উল্লাস আবাসনের ২ নম্বর গেট সংলগ্ন হাইপ্রোফাইল চত্বরে একই রাতে পরপর প্রায় পাঁচটি বাড়িতে হানা দিল পেশাদার দুষ্কৃতীদের একটি দল। জানা গেছে, বাসিন্দারা যখন চিকিৎসা বা ভ্রমণের কারণে বাড়ির বাইরে ছিলেন, সেই সুযোগকেই কাজে লাগায় চোরের দল। এমনকী একটি বাড়ির ওপর তলায় গৃহস্থ থাকা সত্ত্বেও নীচের তলায় চুরির ঘটনা ঘটে। অভিযোগ, দু’টি বাড়ি থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা এবং বিপুল পরিমাণ সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
ঘটনার পর থেকেই কাঠগড়ায় আবাসনের নিরাপত্তা ব্যবস্থা। সবসময় নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে অচেনা দুষ্কৃতীরা আবাসন চত্বরে প্রবেশ করল কীভাবে এবং তা কেন কারও নজরে পড়ল না। এই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন আবাসিকরা। খবর পেয়েই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করতে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি খতিয়ে দেখার পাশাপাশি গোটা উপনগরীর সিসিটিভি ফুটেজ স্ক্যান করা হচ্ছে। এর পিছনে কোনও বড় পেশাদার গ্যাং জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
