প্লাস্টিক বিরোধী অভিযান আসানসোলে
সংবাদদাতা: নিষিদ্ধ ও নিয়মবহির্ভূত প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বুধবার নিয়ামতপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালায় আসানসোল পৌরনিগমের নিকাশি দপ্তর। অভিযানে পুরনিগমের আধিকারিক ও কর্মীদের সঙ্গে ছিলেন নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকর্মীরও।এদিন নিয়ামতপুর বাজারের বিভিন্ন দোকানে প্লাস্টিকের ব্যাগ ও অন্যান্য প্লাস্টিকের জিনিসের ব্যবহার খতিয়ে দেখা হয়। অভিযানের সময় নিয়ম না মেনে প্লাস্টিক ব্যবহার ও সরবরাহের অভিযোগে মোট ৭ জন দোকানদারকে জরিমানা করা হয়। প্রত্যেক দোকানদারের কাছ থেকে ২০০ টাকা করে, মোট ১,৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।দপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে পাতলা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করার বিষয়ে সতর্ক করা হয়। দোকানদারদের পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। বাজারে যেখানে সেখানে প্লাস্টিক ফেলার ফলে নিকাশি নালা বন্ধ হয়ে জল জমার সমস্যা দেখা দিচ্ছে। এছাড়াও প্লাস্টিক বর্জ্য পরিবেশের ওপরও দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলছে। বর্ষার সময় নালা–নর্দমায় প্লাস্টিক জমে জল চলাচলে বাধা তৈরি করছে।এদিনের অভিযানের মাধ্যমে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ ক্রেতাদেরও প্লাস্টিক ব্যবহারে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়। পুরনিগম সূত্রে জানা গেছে, আগামী দিনেও শহরের বিভিন্ন বাজার ও বাণিজ্যিক এলাকায় প্লাস্টিকবিরোধী অভিযান চালানো হবে।
