ফের দিল্লিতে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা
সংবাদদাতা, নয়াদিল্লি: ফের বাড়ি বিপর্যয় দিল্লিতে। এবার উত্তরপূর্ব দিল্লির সীমাপুরি এলাকায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল একটি পাঁচতলা বাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। তবে আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তুপের নীচে অনেকেই আটকে রয়েছেন। তবে ঠিক কতজন আটকে থাকতে পারেন, তা জানা যায়নি। প্রশাসনের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় লোকজনও। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, অনেকেই খালি হাতে সিমেন্টের বড় বড় চাঁই সরানোর চেষ্টা করছেন। বুধবার দুপুর ৩টে নাগাদ এই ঘটনা ঘটার পরই দিল্লি ট্রাফিক পুলিশ একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সীমাপুরী এলাকা আপাতত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে লোকজনকে। বলা হয়েছে, সম্ভব হলে ওই এলাকা এড়িয়ে চলতে। ঘটনাস্থলের আশপাশে অকারণে গাড়ি না থামানোর পরামর্শ দেওয়া হয়েছে। ভিড় না জমাতে এবং ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলতে অনুরোধ করা হয়েছে। অ্যাম্বুল্যান্স এবং উদ্ধারকারী যানবাহন চলাচলে যাতে অসুবিধা না হয়, সে কারণে রাস্তা ফাঁকা রাখার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে দমকল। কংক্রিটের বড় বড় স্ল্যাব সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি আরপি মীনা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় সীমাপুরী গোল চক্কর, ডিএলএফ ভোপুরা এবং সংলগ্ন রাস্তাগুলিতে যান চলাচল ব্যাহত হয়েছে।
গত মাসেই দিল্লির চাণক্যপুরীর সত্য নিকেতনে একটি মেসবাড়ি ভেঙে পড়ে ৭ আবাসিক প্রাণ হারান।
