বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

অন্নপূর্ণার টাকা অধরা, সেবা সেতু অভিযানে তালা ঝোলালেন মহিলারা

02 October, 2026 8:24 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কোচবিহার: অন্নপূর্ণা যোজনার প্রাপ্য টাকা মিলছে না। এই অভিযোগে আবারও ক্ষোভ ফুঁসে উঠল কোচবিহার। শুক্রবার শহরের রবীন্দ্র ভবনে আয়োজিত ‘সেবা সেতু’ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। যোগ্য আবেদনকারী হওয়া সত্ত্বেও প্রকল্পের অর্থ পাচ্ছেন না, এই অভিযোগে সেখানে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান বেশ কিছু মহিলা। তাঁরা রবীন্দ্র ভবনের ঢোকার দরজায় তালা ঝুলিয়ে দিয়ে সামনের রাস্তায় বসে পড়েন। যার ফলে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং যান চলাচলে অসুবিধে তৈরি হয়। এদিন সকাল থেকেই কোচবিহার রবীন্দ্র ভবনে বিজেপির উদ্যোগে সাধারণ মানুষের বিভিন্ন সরকারি ও সাংগঠনিক সুবিধার আবেদন জানাতে ‘সেবা সেতু’ নামে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবির শুরু হতেই বিভিন্ন এলাকা থেকে আসা মহিলারা ক্ষোভ উগড়ে দিতে শুরু করেন। তাঁদের মূল অভিযোগ, দীর্ঘদিন ধরে অন্নপূর্ণা যোজনার আওতায় আসার জন্য প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়ে আবেদন জানানো সত্ত্বেও কোনও সুরাহা মেলেনি। আবেদনের এতদিন পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না আসায় বাধ্য হয়েই তাঁরা আন্দোলনে নেমেছেন। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগের তির আরও গভীরে। তাঁদের দাবি, শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার টাকা না মেলাই নয়, এই প্রকল্পের সুবিধা বণ্টনে চরম অস্বচ্ছতা চলছে। প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীরা বঞ্চিত থেকে গেলেও বহু অযোগ্য ব্যক্তির অ্যাকাউন্টে নিয়ম ভেঙে প্রকল্পের অর্থ পৌঁছে যাচ্ছে। একাধিকবার স্থানীয় প্রশাসন ও নেতাদের কাছে দরবার করেও কোনও সঠিক উত্তর পাননি বলে অভিযোগ আন্দোলনকারীদের। এক পর্যায়ে উত্তেজিত মহিলারা রবীন্দ্র ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। কর্মসূচিতে যোগ দিতে আসা বিজেপি প্রতিনিধি ও অন্যান্যদের রবীন্দ্র ভবনের চত্বরেই আটকে থাকতে হয়। সামনের মূল সড়কে মহিলারা বসে পড়ায় কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করে পুলিশ ও স্থানীয় প্রতিনিধিরা। বিক্ষোভকারীরা জানিয়ে দেন, দ্রুত তদন্ত করে অযোগ্যদের বাদ দিতে হবে এবং যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্ট পরীক্ষা করে বকেয়া টাকা মেটানোর লিখিত বা স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা সরবেন না। জনকল্যাণ শিবিরের প্রথম দিনে এভাবে রবীন্দ্র ভবন চত্বরে বিক্ষোভের জেরে অস্বস্তিতে  বিজেপি নেতৃত্ব।

প্রতিবেদন

Lopa Bhowmik