টিকিট কনফার্মের টোপ দিয়ে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত রেলকর্মী
সংবাদদাতা, রাউরকেল্লা: রেলের টিকিট কনফার্ম করে দেওয়া হবে। এই প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এক রেলকর্মীর বিরুদ্ধে। ওড়িশার রাউরকেল্লা স্টেশনের ঘটনা। জানা গেছে, নুয়াপাড়া জেলার বাসিন্দা এক তরুণী তার ভাইকে নিয়ে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তিতলাগড় স্টেশন থেকে হাতিয়া–যশবন্তপুর এক্সপ্রেস ধরার কথা ছিল। কিন্তু ভুল করে অন্য ট্রেনে উঠে পড়েন। এভাবেই বৃহস্পতিবার রাউরকেল্লায় গিয়ে পৌঁছোন। ইচ্ছে ছিল সেখান থেকে কনফার্মড টিকিট কেটে বেঙ্গালুরু যাবেন। কিন্তু টিকিট কনফার্মড হয়নি। তখনই এগিয়ে আসেন বছর ছাপ্পান্নর রেলকর্মী কপিলেশ্বর সিং। অভিযোগ, তিনি তরুণীকে টিকিট কনফার্মড করে দেওয়ার টোপ দেন। এরপরই রেল আধিকারিকদের বিশ্রামকক্ষের কাছে অপারেটর রুমে নিয়ে গিয়ে যুবতীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। বিষয়টি সম্পর্কে কাউকে কিছু না জানানোর জন্য তিনি তরুণীকে ২ হাজার টাকা দিতে চেয়েছিলেন বলেও অভিযোগ। এছাড়াও, ঘটনার কথা কাউকে জানালে বিপদ হবে বলেও হুমকি দেন অভিযুক্ত। জানা গেছে, অভিযুক্ত রেলের ভাল্ভ অপারেটর পদে কর্মরত ছিলেন।
তরুণী পুলিশকে জানিয়েছে, ঘটনার কথা তিনি প্রথমে তাঁর ভাইকে জানান। তার জিআরপি–র কাছে বিষয়টি জানানো হয়। শুক্রবার ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান নথিভুক্ত করেছেন তরুণী। রেলের সিনিয়র ডিভিশন্যাল ম্যানেজার আদিত্য চৌধুরি জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কপিলেশ্বর সিংকে। অবসরকালীন কোনও সুযোগসুবিধাও পাবেন না তিনি। রেল কর্তৃপক্ষের তরফে তদন্তে সবরকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনায় রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
