বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

সময়ের আয়নায় আটকে থাকা মানুষের গল্প

17 August, 2026 8:07 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সুনেত্রা সেনগুপ্ত :আশির দশকের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার পটভূমিতে নির্মিত গোবরডাঙা হায়দাদপুর সহজ হিয়া থিয়েটার গ্রুপের নবতম প্রযোজনা ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’। এই নাটক শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের গল্প নয়; বরং সেই সময়ের মধ্য দিয়ে আজকের সমাজ, রাজনীতি এবং মানুষের স্বপ্ন ভাঙার ইতিহাসকে নতুন করে ছুঁয়ে দেখার চেষ্টা।
নাটকের কেন্দ্রে রয়েছে একদল মানুষ— যারা পরিবর্তনের স্বপ্ন দেখেন। বিশ্বাস করেন একটি অন্যরকম পৃথিবী গড়ে তোলা সম্ভব। কিন্তু আদর্শ, ক্ষমতা, ব্যক্তিস্বার্থ আর বাস্তবতার সংঘাত ধীরে ধীরে তাদের সম্পর্ক ও বিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। একদিকে সাম্যের স্বপ্ন, অন্যদিকে ব্যক্তি স্বাধীনতা ও পুঁজির আকর্ষণ—এই দ্বন্দ্বই নাটকের অন্তর্গত সুরকে ক্রমশ তীব্র করে তোলে।
নাটকের মঞ্চভাবনায় দুটি প্রতীক বিশেষ তাৎপর্যপূর্ণ—দুটি ফোন। একদিকে ‘‌Grass is Always Greener on the Other Side’‌—অন্য প্রান্তের জীবনের প্রতি মানুষের চিরন্তন আকর্ষণ; অন্যদিকে ফোনের দুই প্রান্ত যেন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় দুই ভিন্ন মতাদর্শ ও জীবনদর্শনকে। একদিকে প্রতীক হয়ে ওঠে সাম্যবাদী স্বপ্ন, অন্যদিকে পুঁজিবাদী বাস্তবতা।
পরিচালক ও নাট্যকার গৌরব চৌধুরির নির্মাণে ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’ তাই শুধুই নস্টালজিয়া নয়। এই নাটক প্রশ্ন তোলে—স্বপ্ন ভেঙে গেলে মানুষ কোথায় দাঁড়ায়? আদর্শ বদলে গেলে কি মানুষের ভেতরটাও বদলে যায়?
মঞ্চে দশজন শিল্পীর অভিনয়, প্রতীকনির্ভর মঞ্চভাষা এবং সময়ের সঙ্গে বর্তমানকে মিলিয়ে দেওয়ার চেষ্টা এই প্রযোজনাকে করে তুলেছে সমকালীন থিয়েটারের একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান।‌

প্রতিবেদন

Lopa Bhowmik