বিয়ে সারলেন অর্জুন রামপাল
নিজস্ব প্রতিনিধি: বড়ছেলে অরিকের বয়স সাত। আর ছোট আরিভ সবেমাত্র তিনে পা দিয়েছে। অবশেষে বিয়ে করলেন তাদের বাবা–মা। কথা হচ্ছে অভিনেতা অর্জুন রামপাল এবং তাঁর দীর্ঘদিনের ‘লিভ ইন পার্টনার’ গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস সম্পর্কে। ২০১৭ সালের আইপিএল–এর সময় প্রথম দেখা হয়েছিল অর্জুন–গ্যাব্রিয়েলার। তারপর থেকেই বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা। প্রথম স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে দূরত্ব বাড়ার পর ২০১৮ সাল থেকেই এক ছাদের তলায় থাকতে শুরু করেছিলেন তাঁরা। ২০১৯ সালে প্রায় কুড়ি বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন অর্জুন–মেহর। সম্পর্ক নিয়ে কোনওদিনই কোনও রকম রাখঢাক করেননি অর্জুন বা গ্যাব্রিয়েলা কেউই। বরং বি টাউনের যাবতীয় হাই প্রোফাইল অনুষ্ঠানেই একসঙ্গে মাখোমাখো হয়ে দেখা গেছে তাঁদের। এরমধ্যেই জন্ম হয় তাঁদের দুই ছেলের। কিন্তু বিদেশি প্রেমিকা তথা তাঁর দুই সন্তানদের মায়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসা হয়ে ওঠেনি অর্জুনের। এতদিন পরে সেই কাজটিই সারলেন অভিনেতা। তবে বি টাউনের আর পাঁচজন সেলেবের মত একেবারেই ঢাকঢোল পিটিয়ে বিয়ের আসরে হাজির হননি অর্জুন। বরং কাজ সেরে ফেলেছেন অত্যন্ত চুপিসারে। বিয়ে করতে মুম্বই থেকে উড়ে গিয়েছিলেন গোয়ার নির্জন সমুদ্র সৈকতে। সেখানেই আইনি মতে বিয়ে সেরেছেন তারকাজুটি। বারদেজ সাব–রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি হয় তাঁদের। গত বছরই অবশ্য এ বিষয়ে প্রথম প্রকাশ্যে মুখ খুলেছিলেন অর্জুন। ‘ধুরন্ধর’–এর সাফল্যের সময় রিয়া চক্রবর্তীর পডকাস্টে গিয়ে জানিয়েছিলেন, ‘আমাদের দুজনের বাগদান হয়ে গিয়েছে। এই প্রথমবার এ বিষয়ে আমরা মুখ খুললাম। তবে আমরা বিবাহিত নই। তাতে কী হয়েছে? ভবিষ্যতে কী হবে তা কি বলা যায়?’
যদিও বিয়ের আগেই দুই সন্তানের মা হওয়ায় একটা সময় যথেষ্ট কটাক্ষ শুনতে হয়েছিল গ্যাব্রিয়েলাকে। সে সবে কখনই গুরুত্ব দেননি দুজনের কেউই। বিয়ের খবর ছড়িয়ে পড়তেই দম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন বি টাউনের সেলিব্রিটি থেকে তাঁদের ভক্তরা।
