ইডি তল্লাশির মাঝেই নথি সরানো, আইপ্যাক মামলার শুনানি শেষ সুপ্রিম কোর্টে, স্থগিত রায়দান

সংবাদদাতা, নয়াদিল্লি: বহুচর্চিত আইপ্যাক (I-PAC) সংক্রান্ত মামলার শুনানি শেষ হল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এন ভি অঞ্জরিয়ার ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা স্থগিত রেখেছে।
গত জানুয়ারি মাসে ঘটনার সূত্রপাত। বেআইনি কয়লা পাচার ও আর্থিক তছরুপের মামলার তদন্তে নেমে কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের দপ্তর এবং লাউডন স্ট্রিটে সংস্থাপ্রধান প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি চলাকালীন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঘটনাস্থলে পৌঁছে একাধিক নথিপত্র সরিয়ে নেন বলে অভিযোগ তোলে ইডি। সিবিআই তদন্তের দাবি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা। অন্যদিকে, তৃণমূলের দাবি ছিল ভোটের আগে ইডির এই অভিযান সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মাধ্যমে দলের গোপন নির্বাচনী কৌশল ও সংবেদনশীল তথ্য চুরি করার চেষ্টা করা হয়েছে।
রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলেও এই মামলায় সিবিআই তদন্তের দাবিতে অনড় ইডি। গত আগস্ট মাসের শুনানিতে আদালত তদন্তকারী সংস্থার কাছে যখন জানতে চায়— বিষয়টি কি রাজ্য সরকারের ওপর ছেড়ে দেওয়া যায়?উত্তরে ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল সূর্যপ্রকাশ ভি রাজু স্পষ্ট জানান, রাজ্যে সরকার বদলালেও রাজ্য পুলিশের ওপর তাঁদের কোনও আস্থা নেই। অন্যদিকে, তৎকালীন মুখ্যমন্ত্রীর আইনজীবী মেনকা গুরুস্বামী সওয়ালে বলেন, “বর্তমানে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তিত হয়েছে। নতুন সরকার নিজেই সিদ্ধান্ত নিতে পারে যে কে এই ঘটনার তদন্ত করবে। পুলিশি তদন্ত নিয়ে আর কোনো আপত্তি থাকা উচিত নয়,তাই এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই।” হাইকোর্ট থেকে গড়িয়ে সুপ্রিম কোর্টে আসা এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি প্রক্রিয়া অবশেষে সম্পন্ন হলেও, শীর্ষ আদালত শেষ পর্যন্ত কী নির্দেশ দেয়, সেদিকেই এখন সবার নজর।
