সাময়িক স্বস্তি ইমরানের, দেশ ছাড়ার নোটিসে স্থগিতাদেশ দিল আদালত

সংবাদদাতা, মুম্বই :মুম্বইয়ে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ আন্দোলনে অংশ নেওয়ার জেরে এফআরআরও-র দেওয়া দেশ ছাড়ার নোটিসকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় বড় স্বস্তি পেলেন অভিনেতা ইমরান খান। বম্বে হাইকোর্ট এই মামলার পরবর্তী শুনানি আগামী ২ নভেম্বর, সোমবার দুপুর ৩টে পর্যন্ত মুলতুবি রেখেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী শুনানির দিন পর্যন্ত ওই বিতর্কিত নোটিসটি স্থগিত থাকবে এবং অভিনেতার বিরুদ্ধে কোনও ধরনের জবরদস্তিমূলক বা কঠোর পদক্ষেপ করা হবে না।
মার্কিন নাগরিক এবং ওইসি কার্ডধারী অভিনেতা ইমরান খান দাবি করেছেন, তিনি ২ বছর বয়স থেকেই ভারতে বসবাস করছেন। নির্ধারিত ডেডলাইনের ঠিক আগে অভিনেতার আইনজীবী আদালতের কাছে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান। অন্যদিকে, কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল মামলা প্রস্তুত করার জন্য সময় চায়। দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত আগামী সোমবার পর্যন্ত নোটিসটি কার্যকর না করার মৌখিক নির্দেশ দেয়। এর ফলে আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপাতত ভারতেই থাকতে পারছেন অভিনেতা।
