শহরকে পরিচ্ছন্ন রাখতে পার্ক সার্কাসে অভিযানে পুরমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন : শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বৃহস্পতিবার নিজেই রাস্তায় নামলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যেখানে সেখানে আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় তা ফেলার বার্তা দিয়ে এদিন সকালে কলকাতার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে বিভিন্ন এলাকায় ডাস্টবিন বিলি করেন মন্ত্রী।
তারসঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার আধিকারিকরা।এদিন পথচলতি মানুষ ও স্থানীয়দের মধ্যে ডাস্টবিন বিলি করার পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতার বার্তাও দেন অগ্নিমিত্রা। তাঁর স্পষ্ট নির্দেশ, রাস্তায় যেখানে-সেখানে আবর্জনা ফেলা যাবে না। নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে আবর্জনা ফেলতে হবে।
শহরকে পরিষ্কার রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল হওয়ার আবেদন জানান তিনি। ১লা সেপ্টম্বর থেকে শহর অপরিষ্কার করলে ফাইনের কথাও মনে করিয়ে দেন তিনি। এদিন সরেজমিনে শহরের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। রাস্তায় যেখানে-সেখানে গাড়ি পার্কিং করা হচ্ছে কি না, তা-ও পরিদর্শন করেন তিনি।
পাশাপাশি ফুটপাত দখল করে ব্যবসা বা অন্য কোনও ধরনের সমস্যা তৈরি হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখেন। শহরের রাস্তাঘাট পরিষ্কার রাখা এবং সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে নিয়ম মেনে চলার উপর জোর দেন মন্ত্রী। প্রশাসনের তরফে নজরদারির পাশাপাশি নাগরিকদের সচেতনতা বাড়ানোর উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন অগ্নিমিত্রা।
