ককরোচ-ছারপোকাদের মারতে স্কুলস্তরেই রাষ্ট্রবাদ দরকার, বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

সংবাদদাতা, কলকাতা: স্কুলস্তর থেকেই পড়ুয়াদের মধ্যে রাষ্ট্রবাদ, দেশপ্রেম ও জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতনতা গড়ে তোলার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরের চোরবাগানে কল্পনা জানার বাড়িতে শ্রদ্ধা জানাতে যান তিনি। সেখানে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষি, শিল্প, শিক্ষা ও সিজেপির আন্দোলন-সহ একাধিক বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু বলেন, স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে প্রতি বছর অন্তত তিন দিন বিতর্ক, কুইজ প্রতিযোগিতা ও তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করা উচিত। তাঁর মতে, এর মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে দেশ ও দেশের সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বাড়বে। একই প্রসঙ্গে তিনি ‘আরশোলা’, ‘ছারপোকা’, ‘দিমাগি নকশাল’ ও ‘টুকরে টুকরে গ্যাং’-এর মতো শব্দ ব্যবহার করে কয়েকটি রাজনৈতিক গোষ্ঠীকে আক্রমণ করেন। তাঁর বক্তব্য, এই ধরনের প্রবণতা রুখতে পড়ুয়াদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তোলা জরুরি। দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’কে ঘিরে চলা রাজনৈতিক বিতর্কের আবহেই তিনি এই মন্তব্য করলেন।
শিক্ষা ও সংস্কৃতির প্রসঙ্গে রাজ্যের পূর্ববর্তী বাম সরকার এবং তৃণমূল কংগ্রেসকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দীর্ঘ বাম শাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। স্কুলে এনসিসি চালু রাখার প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন, এনসিসি কেউ তুলে দেয় কি না। এ ছাড়া স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করা এবং পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার পক্ষেও মত প্রকাশ করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গের ইতিহাস পড়ুয়াদের মধ্যে আরও ভালোভাবে ছড়িয়ে দেওয়া দরকার। প্রতিটি স্কুলে এনসিসি, এনএসএস ও ব্রতচারীর মতো কার্যক্রম ফিরিয়ে আনার কথাও বলেন তিনি।
