নদীয়ার তাহেরপুরে লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেপ্তার এক মাদক কারবারি

সংবাদদাতা, নদীয়া: জেলার যুবসমাজকে নেশার হাত থেকে বাঁচাতে ফের বড়সড় সাফল্য পেল তাহেরপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন সহ মিঠুন জোয়ারদার নামক এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মিঠুন জোয়ারদার দীর্ঘদিন ধরে তাহেরপুর থানা এলাকায় অত্যন্ত সক্রিয়ভাবে হেরোইন সরবরাহ করে আসছিল। বিভিন্ন জায়গা থেকে অল্প দামে হাজার হাজার টাকার মাদক কিনে সেগুলোকে ছোট ছোট পুরিয়ায় ভাগ করে যুবসমাজ ও স্কুল-কলেজের পড়ুয়াদের কাছে চড়া দামে বিক্রি করত। এর মাধ্যমে সে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার অবৈধ মুনাফা লুটত। সম্প্রতি তার এই অবৈধ কারবারের গোপন খবর তাহেরপুর থানার পুলিশের কাছে পৌঁছায়। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন এবং শুরু হয় বিশেষ নজরদারি ও তল্লাশি অভিযান গ্রেপ্তার হবার পর অভিযুক্তের কাছ থেকে প্রায় ২০০টি হেরোইনের পুরিয়া বাজেয়াপ্ত করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার নেপথ্যে শুধু মিঠুন একা নয়, নদীয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে একটি বিশাল মাদক পাচার চক্র। এই চক্রের সঙ্গে আরও বহু প্রভাবশালী ও অসাধু ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। কীভাবে এই মাদকের কারবার চলছে এবং এর পেছনে আর কারা মদত জোগাচ্ছে, তা খতিয়ে দেখে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তাহেরপুর থানার পুলিশ।
