বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

জেলের কুঠুরিতে শ্রদ্ধা দুবে: বিলাসবহুল জীবন থেকে এখন লখনউ জেলা কারাগারে

24 October, 2026 2:55 PM UTSAB RC
শেয়ার করুন

লখনউ: বিলাসবহুল জীবনেই অভ্যস্ত ছিলেন লখনউয়ের মডেল শ্রদ্ধা দুবে। গ্রেপ্তারের পর জেলের কয়েদির জীবন। বর্তমানে তাঁর ঠিকানা লখনউয়ের গোসাইগঞ্জের জেলা কারাগারে। সঙ্গে রয়েছেন তাঁর বোন রশ্মি এবং গাড়িচালক আদিলও। লখনউয়ের ক্যাফেমালিকের মৃত্যুর ঘটনায় গত ২০ অক্টোবর মহারাষ্ট্রের নাগপুর থেকে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের ১০ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। জেল সূত্রের খবর, গ্রেপ্তারির পর থেকে তাঁদের সঙ্গে কোনও আত্মীয় বা পরিবারের সদস্য দেখা করতে আসেননি।

বৃহস্পতিবার প্রথমে তিন জনকে নিভৃতবাসে রাখা হয়, তার পর স্থানান্তর করা হয় জেলের কুঠুরিতে। শ্রদ্ধা ও রশ্মিকে রাখা হয়েছে ৪৫ জন মহিলা বন্দির সঙ্গে। জেল সূত্রে জানা গিয়েছে, শ্রদ্ধা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও তাঁর চোখেমুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। সে দিন রাতে তাঁদের খেতে দেওয়া হয় রুটি, ডাল, আলু-সয়াবিন এবং মেথি শাকের তরকারি। কিন্তু শ্রদ্ধা খাবার মুখে তোলেননি। অনেক রাতে শুতে গেলেও চোখের পাতা এক করতে পারেননি। ভোর ৬টায় আবার তাঁকে ডেকে তোলা হয়। জেল সূত্রের খবর, আসার পর থেকে দুই বোন কারও সঙ্গেই কথা বলছেন না, চুপচাপ বসে থাকছেন। মাঝেমধ্যে শুধু নিজেদের মধ্যে কথা বলছেন। জেলর ঋত্বিক প্রিয়দর্শী জানিয়েছেন, শ্রদ্ধা ও তাঁর বোনের উপর সর্বক্ষণ নজরদারি চলছে এবং তাঁদের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

এ দিকে শিবা শর্মার মৃত্যুর পর শ্রদ্ধাদের পালাতে যাঁরা সাহায্য করেছিলেন, তাঁদের এক জনের খোঁজ মিলেছে। তিনি শ্রদ্ধার প্রেমিক আমির শেখ। তিনি এবং আরও কয়েক জন মিলে কানপুর, নাগপুর, এমনকি নেপালেও শ্রদ্ধাদের আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন বলে জানা গিয়েছে। আমিরকে জেরা করে বাকি জড়িতদের নাম জানার চেষ্টা করছে পুলিশ। নেপালে শ্রদ্ধাদের হদিস মেলার পরই তাঁরা গ্রেপ্তারি এড়াতে ভারতে ফিরে এসে নাগপুরে আশ্রয় নেন। সেখান থেকেই তিন জনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর লখনউয়ের একটি আবাসনের চারতলা থেকে পড়ে মৃত্যু হয় ক্যাফে মালিক শিবার। ওই আবাসনেই থাকতেন তাঁর লিভ-ইন সঙ্গী শ্রদ্ধা। শিবাকে খুনের অভিযোগ উঠেছে শ্রদ্ধার বিরুদ্ধে। যদিও শ্রদ্ধা সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন, শিবা আত্মহত্যা করেছেন।

প্রতিবেদন

UTSAB RC