চোরবাগানের ঘটনার জের: বড়মার মন্দিরের নিরাপত্তা খতিয়ে দেখলেন কমিশনার
সংবাদদাতা, নৈহাটি: চোরবাগানের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। এরকম মর্মান্তিক ঘটনা যাবে আগামীতে আর না ঘটে সে ব্যাপারে তৎপরতা বাড়ানো হয়েছে। আগাম সতর্কতা হিসেবে নৈহাটির বড়মার মন্দির চত্বরে নজরদারি জোরদার করতে চায় প্রশাসন। সেই কাজের অঙ্গ হিসেবেই মন্দর চত্বরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অমিত কুমার। শুধু মন্দির প্রাঙ্গণই নয়, নৈহাটি থানার পুলিশ এবং বড়মার মন্দির ফাঁড়ির কর্মীদের নিয়ে নৈহাটির গঙ্গার ঘাট থেকে শুরু করে অরবিন্দ রোডের বিভিন্ন জায়গা সরজমিনে ঘুরে দেখেন কমিশনার। তিনি জানিয়েছেন, বড়মার মন্দিরে কালীপুজোর সময় ভক্তের ঢল নামে। সেই ভিড় সামাল দিতে গিয়ে যাতে কোনও বিপত্তি না ঘটে সেই কারণেই এই পরিদর্শন। গোটা পরিস্থিতির ওপর সতর্ক নজর থাকবে প্রশাসনের। কমিশনারের এই পরিদর্শনকে কেন্দ্র করে কড়া পুলিশি ব্যবস্থা রাখা হয়েছিল বড়মার মন্দির সংলগ্ন গোটা এলাকায়।
