বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

নিরাপত্তার সমস্য়া নেই, দিল্লিতে দিলজিতের কনসার্টে অনুমতি পুলিশের

23 October, 2026 7:10 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: স্বস্তি ফিরল দিলজিৎ দোসাঞ্জের অনুরাগীদের। আগামী ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে নির্ধারিত দিনেই হচ্ছে পাঞ্জাবি তারকার ‘অরা ইন্ডিয়া টুর’। টিকিটের টাকা ফেরত মিলবে কি না, বা কনসার্ট কবে হবে, এই নিয়ে আর দুশ্চিন্তার কারণ নেই। বৃহস্পতিবার, ২২ অক্টোবর খবর ছড়িয়েছিল, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দিল্লি পুলিশ অনুষ্ঠানের অনুমতি দেয়নি। দিল্লি পুলিশের সাউথ ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনারের দপ্তর থেকে টিকিট বুকিং সংস্থা ‘বুক মাই শো’-কে চিঠি পাঠিয়ে সেকথা জানানো হয়েছিল বলে খবর। কিন্তু শো নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলে গেল।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মেটাতে একাধিক বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর আয়োজকরা বিস্তারিত পরিকল্পনা জমা দেন, আর তা খতিয়ে দেখে কনসার্টের অনুমতি দেওয়া হয়েছে। ‘বুক মাই শো’-র পক্ষ থেকেও জানানো হয়েছে, দিল্লিতে ৩০ অক্টোবরের কনসার্ট বাতিল করা হয়নি। উৎসবের মরশুম থাকায় দিল্লি পুলিশ অতিরিক্ত নিরাপত্তা, যান চলাচল এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত পরিকাঠামোগত ব্যবস্থা চেয়েছিল। সেই কারণেই অনুমতি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। ‘বুক মাই শো’ বিবৃতিতে জানিয়েছে, দিল্লি পুলিশের সঙ্গে গঠনমূলক বৈঠকের পর প্রয়োজনীয় ব্যবস্থার বিস্তারিত পরিকল্পনা জমা দেওয়া হয়েছে।

আয়োজকরা নিরাপত্তা, যান চলাচল ও ভিড় নিয়ন্ত্রণ সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে চলার আশ্বাস দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, দর্শকদের জন্য নিরাপদ, সুষ্ঠু ও আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করতে দিল্লি পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করবে সংস্থা। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের যাতে অসুবিধা না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হবে। অনুরাগীদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ‘বুক মাই শো’ বলেছে, “৩০ অক্টোবর দিল্লিতে দিলজিতের সঙ্গে এক স্মরণীয় সন্ধ্যা উপভোগ করার জন্য তৈরি থাকুন।”

প্রতিবেদন

UTSAB RC