দক্ষিণী ছবিতে অস্কারজয়ী উইল স্মিথ!
লোপামুদ্রা ভৌমিক
কথাবার্তা চলছিল গত বছর থেকেই। অবশেষে শিকে ছিঁড়ল হলিউডে যৌন কেলেঙ্কারিতে নাম জড়ানো অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথের। তবে বি টাউনে নয়। দীপিকা পাড়ুকোন–আল্লু অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পাচ্ছেন দক্ষিণী সিনেমায়। শোনা যাচ্ছে পরিচালক অ্যাটলির মেগাবাজেট কল্পবিজ্ঞানভিত্তিক ছবি ‘রাকা’য় দেখা যাবে স্মিথকে। তঁার জন্য নাকি তৈরি করা হয়েছে চমকপ্রদ একটি চরিত্রও!
গত জানুজারিতে সংযুক্ত আরব আমিরশাহি গিয়েছিলেন উইল স্মিথ। সেখানেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি বলিউডে অভিনয়ের বিষয়ে সলমন খানের সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনাও হয়েছে। এছাড়াও তিনি অমিতাভ বচ্চনের সঙ্গেও একটা প্রজেক্টে কাজের চেষ্টা করেছিলেন। অমিতাভ নাকি স্মিথকে বলেছিলেন, তিনি ‘বিগ ডব্লিউ’ হতে পারেন। সেই সাক্ষাৎকারেই নিজের আর একটি মনের ইচ্ছেও জানিয়েছিলেন স্মিথ। বলেছিলেন, তিনি চান শাহরুখ তাঁকে কোনও একটা প্রজেক্টে সুযোগ দিন।
তখন কথাবার্তা, আলাপ আলোচনা চললেও কাজের কাজ সেভাবে কিছুই এগোয়নি। অবশেষে এবার স্বপ্নপূরণ হতে চলেছে স্মিথের। শোনা যাচ্ছে ৮০০ কোটি বাজেটের ছবি ‘রাকা’য় ভিলেন চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন স্মিথ। জানা গেছে, এ ব্যাপারে প্রয়োজনীয় লুক টেস্টও হয়ে গিয়েছে তঁার। গত এক বছর ধরেই এই বিষয়ে নিয়মিত কথাবার্তা চলেছে টিম অ্যাটলি এবং উইল স্মিথের মধ্যে। স্মিথের শিডিউল অনুযায়ী তাঁর অংশের শুটিংয়ের পরিকল্পনাও ছকে ফেলেছেন ছবির নির্মাতারা।
ছবির চিত্রনাট্যে অতীত এবং বর্তমান দুটি সময়কালই উঠে আসবে। কাল্পনিক জগতের প্রেক্ষাপটে ছবিতে থাকবে রুদ্ধশ্বাস অ্যাকশন দৃশ্য। যোদ্ধার চরিত্রে চমক লাগাবেন দীপিকা–আল্লু। তবে দর্শকের নজর থাকবে অস্কারজয়ী স্মিথের ওপরই।
