এনজেপিতে আটক ১ নাবালক-সহ ৫ বাংলাদেশি

সংবাদদাতা, শিলিগুড়ি: বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে হায়দরাবাদ যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেল স্টেশনে আটক হলেন এক নাবালক-সহ পাঁচজন বাংলাদেশি নাগরিক। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি জিআরপি, শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি এবং সাদা পোশাকের পুলিশের একটি যৌথ দল এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ডাউন বিবেক এক্সপ্রেস এসে পৌঁছতেই তল্লাশি অভিযান চালায়।
ট্রেনের সাধারণ কামরা থেকে নূর মহম্মদ (৫৫), মীর কাশেম (৫৯), কাশমীন (১৯), মুকার রামা (১৮) এবং মহম্মদ জাশির (১৫) নামে পাঁচজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তাঁদের কাছে ভারতে প্রবেশের বৈধ পাসপোর্ট বা ভিসা ছিল না।
রেল পুলিশ সূত্রে খবর, ধৃতেরা প্রথমে অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় প্রবেশ করেন। সেখান থেকে একাধিক ট্রেন বদলে এনজেপি পৌঁছান। তাঁদের মূল গন্তব্য ছিল হায়দরাবাদ। প্রাথমিক তদন্তের পর মঙ্গলবার মধ্যরাতে পাঁচজনকেই এনজেপি জিআরপির তরফে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে।
কীভাবে তাঁরা আন্তর্জাতিক সীমানা অতিক্রম করলেন এবং হায়দরাবাদ যাওয়ার নেপথ্যে কোনও আন্তর্জাতিক মানব পাচারকারী বা দালাল চক্রের ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
