বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

কোচবিহারে মহিলা পরিচালিত পুজোয় বাধা! পথে নেমে বিক্ষোভ মহিলাদের

16 October, 2026 5:17 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কোচবিহার: কোচবিহারের পূর্ব খাগড়াবাড়িতে মহিলা পরিচালিত দুর্গাপুজোকে কেন্দ্র করে চরম উত্তেজনা ।  ডায়মন্ড ক্লাবের বিরুদ্ধে পুজোর মাইক খুলে ফেলা এবং প্রস্তুতিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে রাজপথে নামলেন পুজো কমিটির মহিলা সদস্যরা।  ফলে কোচবিহারের পূর্ব খাগড়াবাড়ি নতুন পল্লী এলাকায় তীব্র যানজট ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে খবর, পূর্ব খাগড়াবাড়ির নতুন পল্লীতে গত চার বছর ধরে সম্পূর্ণ মহিলাদের পরিচালনায় দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। অভিযোগ, এ বছর পুজোর সূচনা থেকেই মণ্ডপের পাশের ডায়মন্ড ক্লাবের সদস্যরা নানাভাবে তাঁদের কাজে বাধা সৃষ্টি করছিলেন।  ক্লাবের বিরুদ্ধে পুজোর মাইক খুলে দেওয়ার অভিযোগ ওঠে। মহিলাদের দাবি, একটি উৎসবের আবহ নষ্ট করে ইচ্ছাকৃতভাবে তাঁদের পুজোয় বিঘ্ন ঘটানো হচ্ছে।

উল্লেখ্য, দুই ক্লাবের মধ্যে এই সীমানা ও মাইক সংক্রান্ত বিবাদ নতুন নয়। এর আগেও পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছিল। সে সময় পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমাধানসূত্র বের করা হয়। মহিলা পুজো কমিটির দাবি, পুলিশি নির্দেশিকা ও সমঝোতার শর্ত মেনেই তাঁরা পুজো করছিলেন, কিন্তু ক্লাবের সদস্যরা সেই সমাধান মানতে অস্বীকার করেন এবং ফের উপদ্রব শুরু করেন।
ক্লাবটির এই একরোখা মনোভাব এবং প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করার প্রতিবাদে ক্ষুব্ধ মহিলারা রাস্তায় নেমে পথ অবরোধ করেন। অবরোধের ফলে ব্যস্ততম রাস্তায় যানবাহন চলাচল সম্পূর্ণ থমকে যায়। ঘটনার খবর পেয়েই  ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা উত্তেজিত মহিলাদের শান্ত করার চেষ্টা করেন এবং বিবাদ মেটাতে ফের জরুরি পদক্ষেপ করার আশ্বাস দেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও, ঐতিহ্যবাহী দুর্গাপুজোয় সঙ্গে স্থানীয় ক্লাবের এই বিরোধে গোটা পূর্ব খাগড়াবাড়ি এলাকা থমথমে।

প্রতিবেদন

Lopa Bhowmik