বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ককরোচ জনতার দুই শীর্ষনেতা সৌরভ ও আশুতোষের জেল হেপাজত

14 October, 2026 11:33 AM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: ককরোচ জনতা পার্টির দুই নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে জেল হেপাজতে পাঠালেন ম্যাজিস্ট্রেট। বুধবার সকাল ৮টা নাগাদ দুই জনকে মার্গ মন্দির থানায় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়েছিল। আইনজীবীদের সওয়াল-জবাবের পর সৌরভদের পাঁচ দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, ধৃত অজিঙ্ক সিন্ধেকে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, শান্তিভঙ্গ না-করার শর্তে বন্ডে সই করার পরই অজিঙ্কেকে মুক্তি দেওয়া হয়। সিজেপির আইনজীবী অভীষ্ট হেলা জানিয়েছেন, ম্যাজিস্ট্রেটের সামনে দিল্লি পুলিশ যুক্তি দিয়েছে, আশুতোষ এবং সৌরভ নাকি ফোন করে যন্তর মন্তরে লোক জড়ো করেছিলেন। তার পরেই বেআইনি ভাবে যন্তর মন্তরে ঢুকে পড়েন সকলে। সৌরভদের মুক্তি দিলে আবার তাঁরা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পারেন, সেই যুক্তিও ম্যাজিস্ট্রেটের সামনে রাখে দিল্লি পুলিশ।

আশুতোষ এবং সৌরভকে জেল হেপাজতে পাঠানোর নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। তাঁর প্রশ্ন, ওঁদের কী অপরাধ।  ওরা যন্তর মন্তরে তেরঙা উড়িয়েছিল। তার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দীপকে বলেন, একটু সাহস দেখান! এ ভাবে ভিন্নমতকে দমন করার ব্যাপারে যদি দৃঢ়প্রতিজ্ঞ হন, তবে কাপুরুষোচিত কৌশলের আড়ালে না-লুকিয়ে জরুরি অবস্থা ঘোষণা করুন।

জ্ঞানেশ কুমারের ইস্তফা, ভোটার তালিকার নিবিড় সংশোধন সংক্রান্ত অভিযোগকে সামনে রেখে আন্দোলন শুরু করেছে সিজেপি। ফের তারা যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভের পরিকল্পনা করেছিল। কিন্তু সোমবারই যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এই নির্দেশিকা দিয়েছে ওই মন্ত্রকেরই অধীনে থাকা দিল্লি পুলিশ। যন্তর মন্তরের বদলে রাজধানীর তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে— রামলীলা ময়দান, বুরারি মাঠ, পূর্ব দিল্লির সিবিডি। তবে কেন্দ্রের সেই নির্দেশিকা না-মেনেই মঙ্গলবার সকালে গেট টপকে যন্তর মন্তরে ঢুকে পড়েছিলেন সিজেপির তিন শীর্ষনেতা। তাঁদের সঙ্গে ছিলেন কয়েক জন সিজেপি সমর্থকও। ভিতরে ঢুকে জাতীয় পতাকা মেলে ধরেন তাঁরা। সকলকে আটক করে পুলিশ।

মঙ্গলবার রাতের দিকে জানা যায়, সৌরভ, আশুতোষ এবং অজিঙ্ক-সহ ১৪ জনকে ওই ঘটনায় আটক করা হয়েছে। তবে বুধবার ভোরে সিজেপির আইন বিষয়ক প্রধান রত্না সিংহ জানান, সৌরভ, আশুতোষ এবং অজিঙ্কেকে গ্রেপ্তার করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও পরে দিল্লি পুলিশের তরফে জানানো হয়, আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই গ্রেপ্তারি।

 

প্রতিবেদন

Sandipan Saha