স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন—স্বপ্ন দেখে মন…
লোপামুদ্রা ভৌমিক
বদলে গেছে শহরের চালচিত্র। মহানগর সেজেছে উৎসবের আভরণে। তার হাওয়ায়, রোদে, বৃষ্টিতে আনন্দ আর উল্লাসের মাখামাখি। ভালবাসার দামাল হাওয়া উড়িয়ে নিয়ে গেছে বারুদের গন্ধ। স্লোগানে স্লোগানে আঁকা দেওয়ালে দেওয়ালে ভরে রয়েছে রং বেরংয়ের স্বপ্ন-ছবি। জটিল জীবনের ধারাপাতের যোগ -গুণ -ভাগেরা উধাও। সুর দিয়ে বাঁধা ঘরের উঠোনে পাখিদের কলরব। হিংসা, ভয়, আতঙ্ক আর হানাহানির স্মৃতিপটে খুশির হাতছানি। এই তো স্বপ্নের শহর। উৎসবের শহর। এরকমই এক পংক্তিতে বেঁধে থাকা নিপাট এক শহরে স্বপ্নই তো রয়েছে আমাদের চোখ জুড়ে। যে শহরের আগমনী গানে ভেসে আসে ভালোবাসার বার্তা। সেরকমই এক স্বপ্নে দেখা ভালোবাসার ঘরদুয়ারকে সুরে বেঁধেছেন রাজীব-নম্রতা জুটি। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁদের পুজোর গান ‘স্বপ্ন দেখা শহর।’
গানের প্রতিটি শব্দে, বাক্যে, সুরে মিলেমিশে রয়েছে স্বপ্নের শহর। মুখোশহীন এক মহানগরকে খুঁজে পাওয়ার আকুলতা। ভয়হীন এক সমাজে ভরসার হাত খুঁজে পাওয়ার আকাঙ্খা। এই শহরের স্বপ্নই তো আমাদের সকলেরই চোখে আঁকা হয়ে রয়েছে। সেই স্বপ্নকেই যেন নতুন করে উসকে দিলেন গীতিকার রাজীব এবং শিল্পী নম্রতা। উৎসবের শহরে তাঁদের স্বপ্নের গান ইতিমধ্যেই মন কেড়েছে শ্রোতাদের। এই গানের হাত ধরে স্বপ্ন-শহরের চৌহদ্দিতে পা রাখতে উঁকি দিন খোয়াব মিউজিকের ইউ টিউব চ্যানেলে। কারণ, আমরা সকলেই স্বপ্নেই আছি, স্বপ্নেই বাঁচি, ফুল ফোটানো কাজ…।
