জনগণের ট্যাক্সের টাকা থেকেই অনুদান, পুজো কমিটির হাতে চেক তুলে বললেন শমীক ভট্টাচার্য
সংবাদদাতা, সল্টলেক: সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া শুরু হয়েছে। সোমবার বিভিন্ন পুজো কমিটির হাতে অনুদান তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচাৰ্য। এদিন রাজ্য সরকারের অনুদান প্রসঙ্গে শমীকবাবু জানান, মুখ্যমন্ত্রীর আবেদন ছিল যাদের প্রয়োজন, তারাই যেন এই অনুদান নেন। এই টাকা কোনও দল বা রাজ্য সরকারের নিজস্ব সম্পত্তি নয়। সাধারণ মানুষ তাঁদের শ্রম ও করের মাধ্যমে যে অর্থ সরকারের কোষাগারে জমা করেন, এটি মূলত সেই জনগণেরই টাকা। তাই ঘুরিয়ে এই অনুদানকে জনগণেরই টাকা বলে দাবি করেন তিনি।
পাশাপাশি, এ রাজ্যের দুর্গাপুজোর সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং সীমান্তবর্তী পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, গত কয়েক বছরের থেকে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর সংখ্যা ১ হাজারেরও বেশি বেড়েছে। তবে এই আনন্দের মাঝেও প্রতিবেশী দেশ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। ওপার বাংলার ভাইবোনেরা যাতে সঠিকভাবে দুর্গাপুজো করতে পারছেন না, সেই আক্ষেপ প্রকাশ করে তিনি অতীতের দেশভাগের যন্ত্রণার কথা স্মরণ করিয়ে দেন।
এদিন তাঁর বক্তব্যে উঠে আসে বাংলার ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপটও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং মেঘনাথ সাহার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৪৭ সালের ২০ জুন কংগ্রেসের সমস্ত বিধায়কদের অবদানের মাধ্যমেই আজকের এই পশ্চিমবঙ্গ গঠিত হয়েছে। সব মিলিয়ে, অনুদান বণ্টন থেকে শুরু করে ওপার বাংলার পরিস্থিতি এবং বাংলার রাজনৈতিক ইতিহাস উঠে আসে তাঁর বক্তব্যে।
