মালদহের পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ
সংবাদদাতা, মালদহ: স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে তীব্র আন্দোলনে নামলেন মালদহ জেলার বিভিন্ন পঞ্চায়েতে কর্মরত অস্থায়ী কর্মীরা। সোমবার পশ্চিমবঙ্গ জিআরএস, ভিএলই এবং এসটিপি কর্মীরা যৌথ মঞ্চের আহ্বানে জেলার প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত করেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পঞ্চায়েতের অস্থায়ী কর্মীরা এদিন প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হয়ে স্লোগান তোলেন এবং বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখান।
আন্দোলনকারীদের মূল অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা পঞ্চায়েত স্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে আসলেও এখনও পর্যন্ত তাঁদের স্থায়ী করা হয়নি। পাশাপাশি নামমাত্র বেতনে কাজ করায় চরম আর্থিক সংকটের মুখোমুখি হতে হচ্ছে তাদের। সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এই কর্মীরা দ্রুত তাঁদের চাকরি স্থায়ী করা এবং বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন।
বিক্ষোভ কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে দেখা করেন। সেখানে বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ ও বকেয়া পাওনা মেটানো সহ একাধিক দাবি জানিয়ে একটি স্মারকলিপি বা ডেপুটেশন জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। প্রশাসন দ্রুত এই সমস্যার সমাধান না করলে আগামী দিনে আরও বৃহত্তর এবং লাগাতার আন্দোলনের পথে হাঁটার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ কর্মীরা।
