মণিপুর: নিখোঁজ ব্যক্তির কাটা মুন্ডু ফেরাতে ৪৮ ঘণ্টার চরমসীমা
ইম্ফল: কাটা মুন্ডু ফেরানোর দাবিতে ৪৮ ঘণ্টার চরমসীমা! ফের উত্তপ্ত মণিপুর। গত শনিবারের ঘটনা। কাংপোকপী জেলার মকুই অশাং গ্রামে হানা দেয় সন্দেহভাজন জঙ্গিরা। হামলায় মারা যান ৫২ বছর বয়সি অজিনবউ রিংকাঙমাই নামের এক ব্যক্তি। সেদিনই ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অস্ত্রে সজ্জিত ও সেনার পোশাক পরা জঙ্গিদের মাঝে ওই ব্যক্তির কাটা মুন্ডু পড়ে রয়েছে। এরপর রবিবার অজিনবউয়ের মাথাহীন দেহ ময়নাতদন্তের জন্য ইম্ফলের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়। এরপরই ‘জয়েন্ট ট্রাইব্স কাউন্সিল মণিপুর’ বিবৃতিতে জানায়, অজিনবউয়ের কাটা মাথাটি এখনও পাওয়া যাচ্ছে না। সসম্মানে শেষকৃত্য করার জন্য পরিবারের হাতে ওই মুন্ডু তুলে না দেওয়া পর্যন্ত দেহের ময়নাতদন্ত হবে না। তাদের অভিযোগ ছিল, জঙ্গিরা কাটা মুন্ডুটিকে জয়ের স্মারকের মতো ব্যবহার করছে। এই অবস্থায় রাজ্য প্রশাসনকে দেহটি আরও কাটাচেঁড়া করার অনুমতি দেওয়া হবে না। এই ঘটনাকে ‘মানবতার চূড়ান্ত অপমান’ বলে উল্লেখ করেছিল সংগঠনটি। এরপরই অজিনবউয়ের মাথা খুঁজে বের করে ফেরত দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার চরমসীমা বেঁধে দেওয়া হয়। তা না হলে ন্যায়বিচারের স্বার্থে কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এই নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়ুমনান খেমচাঁদ সিং। শান্তিশৃঙ্খলা ফেরাতে এবং নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। কুকি এবং নাগা উপজাতিদের চলতে থাকা গোষ্ঠী সংঘর্ষে গত ফেব্রুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং হাজারেরও বেশি ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
