চা শ্রমিকদের বোনাস থেকে কমিশন আদায়ের অভিযোগ, গোষ্ঠী সংঘর্ষ
সংবাদদাতা,ইসলামপুর: চা বাগানের শ্রমিকদের উৎসবের বোনাসের টাকা থেকে জোর করে কমিশন আদায়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার ভদ্রকালী এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির দুটি গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। অভিযোগ, লাঠি ও লোহার রডের আঘাতে দলেরই একাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
ভদ্রকালী টি স্টেট কোম্পানির এক মৃত শ্রমিকের বাড়িতে সমবেদনা জানাতে গিয়েছিলেন স্থানীয় কিছু বিজেপি নেতাকর্মী। সেখানে পৌঁছানোর পর তাঁরা জানতে পারেন, বিজেপির মণ্ডল সভাপতি জীবেশ বাড়ুইয়ের নির্দেশেই দলের একটি অংশ ওই মৃত শ্রমিকের পরিবারের প্রাপ্ত বোনাসের টাকা থেকে অবৈধভাবে কমিশন বা চাঁদা তুলতে গিয়েছে। এই অনৈতিক কাজের তীব্র প্রতিবাদ জানান উপস্থিত অন্য কর্মীরা। শোকের আবহে এমন কাজের বিরোধিতা করায় দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় বলে অভিযোগ।
পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়। অভিযোগ ওঠে, কমিশন সংগ্রহে বাধা দেওয়ায় প্রতিবাদকারী নেতাকর্মীদের ওপর লাঠি ও লোহার রড নিয়ে চড়াও হয় প্রতিপক্ষ গোষ্ঠী। এই সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে রামগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মধ্যে দুজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনার খবর পেয়ে রামগঞ্জ পুলিশ ফাঁড়ির বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। এই ঘটনায় জড়িত সন্দেহে বিজেপির বুথ সভাপতি মজরুল হককে পুলিশ আটক করেছে বলে খবর। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বিজেপির সংশ্লিষ্ট মণ্ডল সভাপতি জীবেশ বাড়ুই। তাঁর দাবি, এই ঘটনার বিষয়ে তিনি সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে যে অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এই সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এবং চা শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
