ব্যতিক্রমী! মহিলাদের পরিচালনায় তর্পণ করলেন মহিলারা
সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনায় এক অন্যরকম তর্পণের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার মন্মথপুর এলাকার স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের উদ্যোগে কালনাগিনী নদীর জলে নেমে তর্পণ করলেন শুধুমাত্র মহিলারা। নারী সুরক্ষা, সম্মান এবং সমানাধিকারের প্রশ্নে এ এক উজ্জ্বল দৃষ্টান্ত। নদীর জলের মধ্যে দাঁড়িয়ে মহিলাদের পরিচালনাতেই তর্পণ করলেন মহিলারা। পূর্ব পুরুষদের স্মরণ করার এবং তাঁদের যথাযোগ্য শ্রদ্ধা জানানোর অধিকার নারী, পুরুষ নির্বিশেষে সকলেরই রয়েছে। এই বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নারী সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত করাও এই উদ্যোগের লক্ষ্য বলে জানানো হয়েছে স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে। উদ্যোক্তাদের দাবি, ধর্মীয় আচার পালনের পাশাপাশি এই উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতি সমানাধিকারের বার্তাও দেওয়ার চেষ্টা করা হয়েছে।
যদিও শাস্ত্রে বিশেষ কিছু ক্ষেত্রে মহিলাদের তর্পণের বিধান রয়েছে। সেখানে এমনও বলা রয়েছে যে, নারীরা যদি শুদ্ধ মনে তর্পণের কাজ করেন তাহলে পিতৃঋণের পূর্ণ ফল পাওয়া যেতে পারে।
