নবদ্বীপে একটি লজে হঠাৎ হানা, খতিয়ে দেখা হল কাগজপত্র
সংবাদদাতা, নদীয়া: নবদ্বীপে একটি লজে পুর প্রশাসক ও পুলিশ অভিযান চালাল। খতিয়ে দেখা হল লাইসেন্স ও নথিপত্র। দেখা হল, অবৈধভাবে লজ বা হোটেল পরিচালনা করা হচ্ছে কি না। শুক্রবার বিকেল প্রায় ৪টে নাগাদ নবদ্বীপের জনবহুল বড়ালঘাট এলাকার একটি লজে হানা দেন তাঁরা। অভিযানের সময় লজের বিভিন্ন রেজিস্টার খাতা ও প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হয়। বিশেষ করে লজ বা হোটেল চালানোর জন্য প্রয়োজনীয় সরাইখানার লাইসেন্স রয়েছে কি না, তা যাচাই করেন প্রশাসক।
পুরসভা সূত্রে খবর, শহরের বেশ কিছু লজ ও হোটেলে প্রয়োজনীয় সরাইখানার লাইসেন্স ছাড়াই ঘর ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানা যায়। শহরের অন্যান্য লজ ও হোটেলগুলিতেও আগামী দিনে এই ধরনের অভিযান চালানো হবে বলে পুরসভা সূত্রে ইঙ্গিত মিলেছে।
