শিলিগুড়িতে বিশ্ববাংলা শিল্পী হাটের নাম বদল করার ইঙ্গিত দিলেন মন্ত্রী
সংবাদদাতা, শিলিগুড়ি: তৃণমূল সরকারের আমলে তৈরি বিশ্ববাংলা শিল্পী হাটের নাম পরিবর্তনের ইঙ্গিত দিলেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্রশিল্প বিভাগের মন্ত্রী দীপক বর্মন।
এদিন আধিকারিকদের সঙ্গে নিয়ে কাওয়াখালিতে অবস্থিত শিল্পী হাট পরিদর্শন করেন তিনি। হাটের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি এর হালহকিকত সম্পর্কে বিস্তারিত তথ্য নেন সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে। পরিদর্শনের পর মন্ত্রী জানান, শিল্পী হাটকে নতুন করে সাজিয়ে তোলা হবে। শিল্পীরা যাতে এই হাট ব্যবহার করতে পারেন এবং তাঁদের তৈরি সামগ্রী বিক্রির সুযোগ পান, সেই ব্যবস্থা করা হবে। একই সঙ্গে বিশ্ববাংলা নামটি নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, এই হাট আবার নতুন করে তৈরি করা হবে। শিল্পীরা যাতে এটা ব্যবহার করতে পারেন, তার ব্যবস্থা করা হবে। আর বিশ্ববাংলার কোনও অস্তিত্ব নেই। তাই ওই নামেরও নেই। তবে নাম পরিবর্তনের থেকে গুরুত্বপূর্ণ এই হাট চালু করা। মন্ত্রীর এই মন্তব্যে বিশ্ববাংলা শিল্পী হাটের নাম পরিবর্তনের সম্ভাবনা ঘিরে জল্পনা তৈরি হয়েছে। তবে হাটটিকে পুনরায় চালু করে শিল্পীদের ব্যবহারের উপযোগী করে তোলাই এখন প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন মন্ত্রী।
