বীরভূমে ভূমি ও ভূমি সংস্কারের কাজে স্বচ্ছতা আনতে উচ্চপর্যায়ের বৈঠকে রাষ্ট্রমন্ত্রী
সংবাদদাতা, সিউড়ি: বীরভূম জেলায় ভূমি ও ভূমি সংস্কার সংক্রান্ত কাজে স্বচ্ছতা আনতে এবং সাধারণ মানুষের হয়রানি রুখতে কড়া পদক্ষেপ করছে সরকার। বৃহস্পতিবার সিউড়ির আব্দারপুরে দপ্তরের আধিকারিক ও স্থানীয় বিধায়কদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানা।
এদিনের বৈঠকে মন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, সাধারণ মানুষ কোনও কাজে এলে তা কতদিনে সম্পন্ন হবে বা বিকল্প কোথায় গেলে সমাধান মিলবে, তা আধিকারিকদেরই নিশ্চিত করতে হবে। মিউটেশন ও জমির আইনি সমস্যা দ্রুত মেটানোর পাশাপাশি, অযোগ্যদের থেকে জমির পাট্টা বাতিল করে তা প্রকৃত যোগ্যদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
খনিজ সম্পদে ভরপুর এই জেলায় শিল্পায়ন ও বেকারত্ব দূর করার ওপরও জোর দেন মন্ত্রী। তবে পাঁচামি এলাকায় গাড়ি পিছু ২০০ টাকা তোলাবাজি এবং দালাল চক্রের দৌরাত্ম্যের কথা তিনি স্বীকার করে নেন। তিনি জানান, সিন্ডিকেটের ভয়ে আধিকারিকদের একাংশ নিরাপত্তাহীনতায় ভুগছেন, বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানানো হবে। পাশাপাশি, টুলু মণ্ডল প্রসঙ্গে অতীত দুর্নীতির সমালোচনা করে বর্তমান প্রশাসনের স্বচ্ছভাবে কাজ করার কড়া বার্তাও তিনি আধিকারিকদের বুঝিয়ে দেন।
