রাজ্যে বিজেপি সরকারের প্রথম পাঁচ মাসে শ্লীলতাহানির সংখ্যা দু’হাজারেরও বেশি! রিপোর্ট ক্রাইম রেকর্ড ব্যুরোর
সংবাদদাতা, কলকাতা: স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর দেওয়া একটি ‘রিপোর্ট’ অনুযায়ী বিগত ৫ মাসে ২,৪০০-র বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। এই ‘রিপোর্ট’টি হাতে নিয়ে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের দাবি, মাত্র পাঁচ মাসে রাজ্যে ২৪০০-র বেশি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। দলের দাবি, স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, পাঁচ মাসে বাংলায় মোট ২৪৫৪টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। শুধু ধর্ষণ নয়, রাজ্যের অন্যান্য অপরাধের পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে এই রিপোর্টে। মমতা পন্থীদের দাবি, পাঁচ মাসে রাজ্যে ৬০০টি খুনের মামলা, ১৩,১১৪টি খুনের চেষ্টার মামলা এবং গুরুতর আঘাত সংক্রান্ত ৩২,৩৪১টি মামলা নথিভুক্ত হয়েছে। এই পরিসংখ্যান সামনে রেখে বিজেপি সরকারের বিরুদ্ধে মহিলাদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।
রাজ্যসভার প্রাক্তন সদস্য তথা তৃণমূল নেতা সাকেত গোখেলের করা আরটিআই থেকে পাওয়া রিপোর্টে এই তথ্যগুলি উল্লেখ করা হয়েছে। সেখানে জেলাওয়াড়ি রিপোর্টও মিলেছে। বিষয়টি নিয়ে এক্স-এ পোস্ট করে তৃণমূল লিখেছে, বিজেপি বাংলাকে এমন একটি জায়গায় পরিণত করছে, যেখানে মহিলা থেকে সাধারণ মানুষ অনেকেই ক্রমশ নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপরাধ বাড়ছে এবং অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলেও দাবি করেছে তৃণমূল। বিজেপির নিরাপদ ও সুরক্ষিত বাংলা গড়ার প্রতিশ্রুতি নিয়েও প্রশ্নও তুলেছে তৃণমূল। দলের বক্তব্য, ভরসা ইন, ভয় আউট স্লোগানের বাস্তব প্রতিফলন কি এই পরিসংখ্যানেই দেখা যাচ্ছে। তৃণমূলের দাবি, বাস্তব পরিস্থিতি বিজেপির দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে ধরছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কে সরাসরি নিশানা করেছে তৃণমূল। দলের অভিযোগ, স্লোগান এবং ফাঁকা প্রতিশ্রুতির আড়ালে থেকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় এড়ানো যাবে না। তৃণমূলের দাবি, বাংলার মানুষ নিরাপত্তা, জবাবদিহি এবং ন্যায়বিচার চান, রাজনৈতিক জুমলা নয়।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। সম্প্রতি দলীয় বৈঠকে কর্মীদের নব্য বিজেপিদের থেকে সতর্ক থাকার কড়া বার্তা দিয়েছেন, যাতে কোনওভাবে দলের ভাবমূর্তি নষ্ট না হয়।
পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক কুণাল ঘোষ বিধানসভায় একটি রিপোর্ট পেশ করার দাবি তুলে সরব হন। তাঁর দাবি, কেন্দ্রের বা বিজেপির নতুন সরকারের প্রথম পাঁচ মাসে রাজ্যে ২৪০০-র বেশি ধর্ষণের মতো গুরুতর অপরাধের ঘটনা ঘটেছে এবং এই নিয়ে বিধানসভায় আলোচনা হওয়া প্রয়োজন।
