আগামী মাসেই প্রসেনজিতের ‘ডাক্তার কাকু’
নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান। সামনে এল পরিচালক পাভেলের নতুন ছবি ‘ডাক্তার কাকু’র পোস্টার। মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন সেই পোস্টার। সঙ্গে ঘোষণা করে দিয়েছেন ছবি মুক্তির দিনক্ষণও। এই ছবির মুখ্যচরিত্র অর্থাৎ ডাক্তার কাকুর ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎকে। স্বাভাবিকভাবেই ছবি ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
মানুষের জীবন, চিকিৎসা এবং অর্থ—এই তিনের টানাপোড়েনই ছবির প্রেক্ষাপট বুনে দেবে। একদিকে জীবন বাঁচানোর জন্য প্রয়োজন উপযুক্ত চিকিৎসা আর অন্যদিকে সেই চিকিৎসার বিপুল ব্যয়ভার জোগাড় করতে গিয়ে রোগীর পরিবারের নিঃস্ব হয়ে যাওয়া— এই দুয়ের মধ্যে পড়ে কীভাবে আজকের সমাজ এবং মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সেই কাহিনিই দেখা যাবে ছবিতে। মর্মান্তিক অসুস্থতা যখন কোনও পরিবারের ভিত মুহূর্তেই নাড়িয়ে দেয়, তখন সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার এবং তার ভয়াবহ খরচের মাঝে প্রায় চিঁড়ে চ্যাপ্টা হয়ে যায় মানুষ। এর মধ্যেই চলতে থাকে চিকিৎসা ব্যবস্থা নিয়ে অসাধু কারবার। জীবন বাঁচানোর লড়াইয়ের থেকেও তখন বড় হয়ে দেখা দেয় চিকিৎসার খরচ যোগানোর চিন্তা। একদিকে জীবন বাঁচানোর তাগিদ, অন্যদিকে অর্থের চিন্তা— কোন পথ বেছে নেবে অসহায় মানুষ? পাভেলের ‘ডাক্তার কাকু’ এরকমই একগুচ্ছ প্রশ্ন তুলে দেবে। তবে শুধু চিকিৎসা ব্যবস্থার অন্ধকার বা অনৈতিক দিকই নয়, ছবিতে দেখানো হবে সেই ব্যবস্থার মধ্যে থাকা কিছু মানুষের মানবিকতার লড়াইয়ের ছবিও।
৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা ছিল ছবিটির। কিন্তু তার পরিবর্তে আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ডাক্তার কাকু’। পোস্টার শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, ‘অর্থ মূল্যবান, জীবন অমূল্য। দিন পিছোক, (৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর), কিন্তু দিন বদলাক, ডাক্তার কাকু আসছে!!’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ঋদ্ধি সেন। অভিনয়ে আছেন তুলিকা বসু, শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায়, সুচন্দ্রাসহ আরও অনেকেই। বিশেষ একটি চরিত্রে দেখা মিলবে পরিচালক পাভেলেরও। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন বনানী সাহা এবং এনা সাহা। নতুন অবতারে প্রসেনজিৎকে দেখতে এখন মুখিয়ে রয়েছেন দর্শকরা।
