‘বিদেশিনি’-তে অগ্নিকাণ্ডের জের, তারাপীঠে বন্ধ হচ্ছে ১৫টি হোটেল!
নিজস্ব প্রতিবেদন : তারাপীঠে বন্ধ হচ্ছে প্রায় ১৫টি হোটেল।
সোমবার ভোররাতে তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর পর নড়েচড়ে বসল প্রশাসন। পর্যটন কেন্দ্রটির হোটেলগুলির অগ্নিনির্বাপণ ও সামগ্রিক সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে কড়া পদক্ষেপ নিল বীরভূম জেলা প্রশাসন। রামপুরহাটের মহকুমাশাসকের অফিসে মঙ্গলবার এই বিষয়ে একটি পর্যালোচনা বৈঠকে একটি বিশেষ অডিট কমিটির বৈঠকে ১৫টি হোটেল অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি, তারাপীঠের প্রতিটি হোটেলে সরেজমিনে তল্লাশি চালাতে গঠন করা হয়েছে ৫টি বিশেষ পরিদর্শন টিম।প্রশাসনের এই জরুরি বৈঠকে ফায়ার লাইসেন্স, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার লাইসেন্স ছাড়া চলা হোটেলগুলির তালিকা তৈরি করা হয়। এবং তার পর রামপুরহাট মহকুমাশাসক রাঠোর অশ্বিন সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেনপর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করা হবে না।
অনিয়ম ধরা পড়া ১৫টি হোটেলকে অবিলম্বে ব্যবসা বন্ধ করার নির্দেশ দিয়ে নোটিস পাঠানো হচ্ছে।উচ্চপর্যায়ের বৈঠক ও যৌথ পরিদর্শন টিম মহকুমাশাসকের নেতৃত্বে অনুষ্ঠিত এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন রামপুরহাটের মহকুমা শাসক বীরভূমের ডিভিশনাল ফায়ার অফিসার, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার প্রতিনিধি এবং পূর্ত দপ্তরের সিভিল ও ইলেকট্রিক্যাল বিভাগের প্রতিনিধিরা। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, গঠিত ৫টি যৌথ পরিদর্শন দল তারাপীঠের সমস্ত হোটেল ঘুরে ঘুরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ইমার্জেন্সি এক্সিট ও বিদ্যুৎ সংযোগের মান পরীক্ষা করবে।
কোনও হোটেলে ত্রুটি বা লাইসেন্স সংক্রান্ত গাফিলতি পাওয়া গেলেই সঙ্গে সঙ্গে নেওয়া হবে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা। হোটেলের কর্মী এবং ম্যানেজারদের নিয়ে একটা মহড়ার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন মহকুমাশাসক। দমকলের কর্মীরা তাঁদের প্রশিক্ষণ দেবেন। আগুন লাগলে কী ভাবে তা নিয়ন্ত্রণে আনা যায় তার প্রাথমিক ব্যবস্থাও করা হবে।
উল্লেখ্য, সোমবার তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় ৯ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই হোটেলগুলির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোন কোন হোটেলে নিরাপত্তা ব্যবস্থায় খামতি রয়েছে, তা চিহ্নিত করে পদক্ষেপ করা শুরু করল জেলা প্রশাসন।অন্য দিকে, তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃত হোটেলমালিক ও তাঁর ছেলেকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল রামপুরহাট মহকুমা আদালত।
সোমবার ভোরে তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় ন’জন আবাসিকের মৃত্যু হয়। ওই দিনই হোটেলের মালিক প্রবীর পাল ও তাঁর ছেলে কল্যাণআশিস পালকে গ্রেফতার করে তারাপীঠ থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়।
