বেহালায় একাধিক প্রকল্পের উদ্বোধনে দুই মন্ত্রী
সংবাদদাতা, কলকাতা: নাগরিক পরিষেবা আরও উন্নত করতে এবং পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে উদ্যোগী কলকাতা পুরসভা। মঙ্গলবার বেহালার বসন্ত লাল সাহা রোড ও রায়বাহাদুর রোড সংলগ্ন ভাটিখানা মোড়ে একটি অনুষ্ঠানে উদ্বোধন করা হল বেহালা পশ্চিম ও বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের মোট তিনটি গুরুত্বপূর্ণ পুরপরিকাঠামোর। এদিনের অনুষ্ঠানে বেহালাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে মূলত বর্জ্য ব্যবস্থাপনা এবং জলসংরক্ষণ সংক্রান্ত প্রকল্পের ওপর বিশেষ জোর দেওয়া হয়। কলকাতার এই জনবহুল অঞ্চলে জঞ্জাল অপসারণ প্রক্রিয়াকে আরও গতিশীল করতে এবং জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই প্রকল্পগুলি বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। ১৫৪ নম্বর বেহালা পশ্চিম বিধানসভা এলাকার অন্তর্গত সখের বাজার অঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনাকে বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতিতে পরিচালনার জন্য একটি নতুন কম্প্যাক্টর স্টেশন চালু করা হয়েছে। এর ফলে ওই এলাকার জঞ্জাল সংগ্রহ ও অপসারণ দ্রুত এবং স্বাস্থ্যসম্মত উপায়ে করা সম্ভব হবে। পাশাপাশি বেহালা পশ্চিম বিধানসভা এলাকারই বি এল সাহা ও রায়বাহাদুর রোডের সংযোগস্থল তথা ভাটিখানা মোড়ে একটি বড় জলাধার তৈরি করা হচ্ছে জল সংরক্ষণের জন্য। এছাড়াও ১৫৩ নম্বর বেহালা পূর্ব বিধানসভা এলাকার ১ নম্বর রাজা রামমোহন রায় রোডে আরেকটি বৈজ্ঞানিক বর্জ্য কম্প্যাক্টর স্টেশনের উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার, বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিচ্ছন্ন শহর তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুই মন্ত্রীই।
