কলকাতার পুজো প্রস্তুতি পরিদর্শনে পুলিশ কমিশনার
সংবাদদাতা, কলকাত: দুর্গাপুজোকে কেন্দ্র করে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। মঙ্গলবার কলকাতার একাধিক বড় পুজো মণ্ডপ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলি পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা। প্রধানত ভিড় নিয়ন্ত্রণ, এবং অগ্নি নির্বাপন ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। শহরের উৎসবের মরশুম যাতে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও আনন্দদায়ক হয়, সেদিকেই বিশেষ জোর দিচ্ছে লালবাজার।
কলকাতার ঐতিহ্যবাহী ও জনবহুল বড় পুজো মণ্ডপগুলির ক্ষেত্রে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তার জন্য মণ্ডপের কাঠামো ও যাতায়াত ব্যবস্থা দেখা হচ্ছে। দর্শনার্থীদের চাপ সামলাতে সুনির্দিষ্ট রুট ম্যাপ এবং ব্যারিকেড ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র এবং ফায়ার সেফটি প্রোটোকল মেনে চলা হচ্ছে কি না, তাও এদিন খতিয়ে দেখা হয় । শহরের অন্যতম ব্যস্ত এলাকা পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের পুজো এবং তাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে বিশেষ পরিকল্পনা করেছে পুলিশ প্রশাসন। পার্ক স্ট্রিট চত্বরে যাতে কোনও ধরনের যানজট না হয় এবং উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক থাকে, সেই বিষয়ে ট্রাফিক বিভাগকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মহালয়া উপলক্ষে কলকাতায় একটি বিশেষ রোড শো ও ড্রোন শোয়ের আয়োজন করা হয়েছে। এই সাংস্কৃতিক ও জনবহুল অনুষ্ঠানগুলিতে নাগরিক সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে, উৎসবের দিনগুলিতে কলকাতার আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে একশো শতাংশ প্রস্তুত কলকাতা পুলিশ। সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এবং উৎসবের আনন্দ বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
