রাজ্য়ে চারটি নতুন বিমানবন্দর, উড়ান 2.0 প্রকল্পে জুড়ল রাজ্য়
সংবাদদাতা, কলকাতা: উড়ান ২.০ প্রকল্পে জুড়ল পশ্চিমবঙ্গ। এই প্রকল্পে রাজ্যে আরও ৪টি বিমানবন্দর হবে। গোটা দেশে আগামী ১০ বছরের ১০০টি নতুন বিমানবন্দর করতে চায় কেন্দ্র। তার মধ্যে ৪টি এই রাজ্যেই হবে বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু। বাগডোগরা বিমানবন্দরেও নতুন টার্মিনাল তৈরি হবে। কলকাতায় দ্বিতীয় এয়ারপোর্ট তৈরি করা নিয়েও সুখবর শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী।
পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে এই বিষয়ে একটি মউ সাক্ষর হয় সোমবার। এই চুক্তিতে বলা হয়,বাগডোগরায় নতুন টার্মিনাল তৈরি করা হবে, যোগাযোগ ব্যবস্থা আরও ভালো করার জন্য কাজ করা হচ্ছে। কলকাতা-সহ যে যে বিমানবন্দর রয়েছে, সেগুলির পরিকাঠামো আরও ভালো করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মুম্বইয়ের মতো, কলকাতাতেও দ্বিতীয় এয়ারপোর্ট তৈরি প্রয়োজন বলে জানিয়েছেন মন্ত্রী।কলকাতা থেকে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর ভাবনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে ইউরোপের ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করার ভাবনা রয়েছে। তার জন্য এয়ারলাইন্স সংস্থাগুলির সঙ্গে মিটিং করার প্রস্তুতি নেওয়া চলছে।
আলিপুরদুয়ারের হাসিমারা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, পুরুলিয়ার ছররার সব এয়ারপোর্টে ন্যারো বডি এয়ারক্রাফ্ট বিমান যাতায়াত করানোর ভাবনাও নেওয়া হয়েছে। এর সঙ্গেই বেহালা ফ্লাইং ক্লাবের কথাও শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর মুখে। ওই পরিকাঠামোর উপর ভিত্তি করে ফ্লাইট ট্রেনিং নিয়ে আরও উন্নত কাজের লক্ষ্য রয়েছে।পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যে ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগের ঘোষণা করেছেন। সোমবার ক্যাবিনেট মিটিংয়ে এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। জানা গিয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, বন বিভাগ, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট, কারেকশনাল হোম ডিপার্টমেন্ট-সহ একাধিক দপ্তরে এই নিয়োগ করা হবে। পিএসসি-সহ সংশ্লিষ্ট দপ্তর এই নিয়োগের জন্য পরীক্ষা নেবে।
এ দিন গত সরকারের আমলে কর্মসংস্থানের খারাপ অবস্থার সমালোচনা করে শুভেন্দু বলেন, কর্মসংস্থান নিয়ে বিরাট প্রত্যাশা। আগের সরকার চাকরি চুরি করেছে। পিএসসি ফুল ফর্মে সব পরীক্ষা নিচ্ছে। এক লক্ষ চাকরি দেওয়া হবে এই অর্থবর্ষে। এটা কোনওদিন হতো না, আগের সরকার থাকলে। যে ওবিসি জট পাকিয়েছিল তার জন্য। আমরা সেই জট থেকে বেরিয়ে এসেছি। এসএসসিও ধীরে ধীরে কাজ করছে। এর পাশাপাশি এ দিন রাজ্যের কর্মবন্ধু’ প্রকল্পে কর্মরতদের মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। অক্টোবর মাস থেকে এই প্রকল্পে কর্মরতরা ৮ হাজার টাকা মাসিক বেতন পাবেন বলে জানানো হয়েছে। যে সব এসসি-এসটি শ্রেণির পড়ুয়ারা হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের খাবারের জন্য সরকারের পক্ষ থেকে প্রতিমাসে ৩,৩০০ টাকা বরাদ্দ করা হয়েছে। এবং অবিবাহিত ছাত্রীদের স্নাতক স্তরে পড়াশোনার জন্য রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্য দেওয়ার কথা সংকল্পপত্রে জানিয়েছিল বিজেপি। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ভগিনী নিবেদিতা প্রকল্প। এই দিন সেই প্রকল্পের ব্যাপারেও নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, এই প্রকল্পের অধীনে ছাত্রীরা প্রথম বর্ষে ১৭ হাজার, দ্বিতীয় বর্ষে ১৭ হাজার ও তৃতীয় বর্ষে ১৬ হাজার টাকা পাবেন। এই প্রকল্পের প্রথম দফার টাকা আগামী বর্ষের জানুয়ারি মাসে দেওয়া হবে।
