জলপাইগুড়িতে মতুয়া মহাসংঘের কর্মিসভা
সংবাদদাতা, জলপাইগুড়ি: ময়নাগুড়ি ব্লকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উদ্যোগে রবিবার হল একটি কর্মীসভা। দুর্গাপুজোর ঠিক আগে তিস্তাপাড়ের এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এদিনের কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান যে, মতুয়া সম্প্রদায়ের সবথেকে বড় দাবি ছিল নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ। কেন্দ্র সরকার সেই দাবি পূরণ করেছে এবং এই সংক্রান্ত কাজ সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর মতে, এর ফলে দীর্ঘদিন ধরে নাগরিকত্বহীনতার আশঙ্কায় থাকা মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের মানুষ স্থায়ীভাবে আইনি স্বীকৃতি পাচ্ছেন। সিএএ বাস্তবায়নের পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য আরও একটি বড় ঘোষণা করা হয়। তিনি জানান, মতুয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্বতন্ত্র উন্নয়ন বোর্ড গঠন করা। সেই দাবিকে বাস্তবায়িত করার প্রক্রিয়া প্রায় শেষের দিকে। খুব শীঘ্রই বোর্ড গঠনের কাজ সম্পন্ন হবে। বোর্ডের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এবং সংস্কৃতি প্রসারে বিশেষ অনুদান ও প্রকল্পের সুবিধা সরাসরি মতুয়া অধ্যুষিত এলাকায় পৌঁছোবে। এদিনের কর্মীসভায় শান্তনু ঠাকুর ছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট সমাজকর্মী শ্যামল রায়, রাজগঞ্জ বিধানসভার বিধায়ক দীনেশ সরকার সহ মহাসংঘের স্থানীয় নেতৃত্ব ও প্রতিনিধিরা। নিজেদের ধর্মীয় গুরু ও কেন্দ্রীয় মন্ত্রীকে কাছে পেয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষ খুশি।
