রেভ পার্টির আড়ালে মাদকচক্র, পার্ক স্ট্রিটে হানা এসটিএফ–নারকোটিক্সের
সংবাদদাতা, কলকাতা: রেভ পার্টির আড়ালে মাদকচক্র। পার্ক স্ট্রিটের এক অভিজাত হোটেলে এসটিএফ ও কলকাতা পুলিশের মাদকবিরোধী বিভাগের হানায় উদ্ধার হল প্রচুর মাদক। গোপনসূত্রে পুলিশের কাছে খবর আসে, শেক্সপিয়র থানা এলাকার ওই হোটেলটিতে রেভ পার্টির নামে মাদকের ফোয়ারা চলছে। জানা গিয়েছিল, শনিবার রাত থেকেই এক ব্যবসায়ী এই পার্টির আয়োজন করেছেন। এরপরই রবিবার সকালে এসটিএফের বাহিনী হোটেলটিতে হানা দেয়। সে সময় পার্টির উদ্দামতা ছিল তুঙ্গে। কিন্তু আচমকাই পুলিশ দেখে অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তল্লাশির পর হোটেলের টিভির পাশ থেকে নিষিদ্ধ ট্যাবলেট জাতীয় মাদক পাওয়া যায়। এসটিএফ সূত্রে খবর, হোটলের শৌচালয় থেকেও বেশ কিছু নিষিদ্ধ মাদক দ্রব্য পাওয়া গেছে। পরীক্ষা করে দেখা হচ্ছে সেগুলি কী ধরণের মাদক। জানা গেছে পার্টিতে কমপক্ষে ৭০ জন ছিলেন। এরমধ্যে হোটেলের সাত তলার একটি লাক্সারি স্যুটে একসঙ্গে ছিলেন ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তিদের রক্তপরীক্ষা করে দেখা হবে শরীরে মাদকের উপস্থিতি রয়েছে কিনা। জানা গেছে, শুধু মাদক পার্টিই নয়, ওই হোটেলে আরও বেশ কিছু বেআইনি কার্যকলাপও ধরা পড়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। রেভ পার্টির আয়োজন করছে কারা? কারা মাদক যোগাচ্ছে? মাদক বিক্রি সহ বিভিন্ন বেআইনি কাজে কি হোটেল কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছিল? এরকম একাধিক বিষয় খতিয়ে দেখা শুরু করেছেন তদন্তকারীরা। জানানো হয়েছে, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ এবং গুণগত মান দেখে ধারণা, এর পেছনে কোন বড় আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই চক্রের মাথাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই খবর আসছিল, পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকার বেশ কিছু নামী পাঁচতারা হোটেলে তরুণ–তরুণীদের কাছে কোকেন ও অন্যান্য উচ্চমানের মাদক সরবরাহ করা হচ্ছে। ছুটির দিনগুলিতে গভীর রাত থেকে সকাল পর্যন্ত সেখানে বন্ধ দরজার পেছনে অবৈধ পার্টিও চলে।
