নদীয়ায় অবহেলায় পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাঁজোয়া গাড়ি
সংবাদদাতা, নদীয়া: নদীয়ার মাটিতে খোঁজ পাওয়া গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সাঁজোয়া গাড়ির। যা দীর্ঘদিন ধরেই পড়ে আছে একটি মিউজিয়ামে। ধুবুলিয়া থানার কাঠালতলা এলাকায় রয়েছে ব্রিটিশ আমলের তৈরি একটি প্রাচীন মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতরেই রাখা আছে ঐতিহাসিক যুদ্ধ গাড়িটি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা বংশপরম্পরায় এই প্রাচীন মিউজিয়াম এবং তার ভেতরে পড়ে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গাড়িটি দেখে আসছেন। এই প্রাচীন গাড়িটিকে দেখতে সারা বছরই দেশ-বিদেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তবু মিউজিয়াম বা গাড়িটির সংস্কার হয় না।
শুধু এই মিউজিয়াম বা যুদ্ধ গাড়িটিই নয়, সংলগ্ন এলাকায় রয়েছে ব্রিটিশ আমলের তৈরি আরও বেশ কিছু অতি প্রাচীন ঘরবাড়ি ও স্থাপত্য।দীর্ঘদিনের অবহেলায় আজ সেই বাড়িগুলির বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাচীন ইটের দেওয়ালের গায়ে গজিয়ে উঠেছে নানান গাছ ও লতাপাতা। এত অবহেলার পরেও ব্রিটিশ জমানার এই ঐতিহাসিক মিউজিয়ামটি আজও সগর্বে দাঁড়িয়ে থেকে মনে করিয়ে দিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ দিনগুলির কথা। ইতিহাসের নানা অধ্যায়ে সমৃদ্ধ নদীয়া জেলা। একদিকে যেমন রয়েছে প্রাচীন মুঘল সাম্রাজ্যের নিদর্শন, অন্যদিকে তেমনি রয়েছে বিভিন্ন রাজা ও তাঁদের রাজত্বের ইতিহাস। সব মিলিয়ে প্রাচীন ইতিহাস ও পুরাতাত্ত্বিক উপাদানে ভরপুর এই জেলাটি। সেই মুকুটেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পালক ব্রিটিশ আমলের এই মিউজিয়াম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সাঁজোয়া গাড়িটি।
