কলকাতায় সাম্বা ঝড়, ব্রাজিলকে আনতে কত কোটি টাকা খরচ?
সংবাদদাতা, কলকাতা: বৃহস্পতিবার রাতে কলকাতায় এসে গিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল টিম। ৩ অক্টোবর শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হবে সেলেকাওরা। সাম্প্রতিক অতীতে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ও হাই-প্রোফাইল ম্যাচ এটিই। দেশের মাটিতে এত নামী একটি আন্তর্জাতিক দলকে দেখার সুযোগ ফুটবলপ্রেমীদের। কিন্তু এই ব্রাজিলকে আনতে ঠিক কতটা খরচ হয়েছে ভারতের? কেন তাঁরা কলকাতায় এসে প্রীতি ম্যাচের জন্য রাজি হল?
এই মেগা আয়োজনের পিছনে কত পরিমাণ খরচ হয়েছে, তার একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। ভারত-ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচের সম্ভাব্য ব্যয়ের হিসেব চমকে দিচ্ছে ফুটবলপ্রেমীদের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্রাজিলকে কলকাতায় এনে খেলানোর জন্য বাজেট প্রায় ৫০ কোটি টাকা। এর বড় অংশ, অর্থাৎ ৩৫ থেকে ৪০ কোটি টাকা, অ্যাপিয়ারেন্স ফি হিসেবে যাবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কাছে। বাকি অর্থ খরচ হবে দলের যাতায়াত, থাকা-খাওয়া, আতিথেয়তা ও লজিস্টিক্সে। ব্রাজিলের খেলোয়াড়দের জন্য থাকছে বিশেষ চার্টার্ড ফ্লাইট, যার খরচই প্রায় ৬ কোটি টাকা। বিশ্বচ্যাম্পিয়ন দলকে ঘরের মাঠে আনতে এই বিপুল অঙ্ক ঢালছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
ব্রাজিলের পাশাপাশি উরুগুয়ে ও পানামার বিরুদ্ধেও ফ্রেন্ডলি খেলবে ভারত। তিনটি ম্যাচ মিলিয়ে AIFF-এর মোট খরচ ৮০ থেকে ৯০ কোটি টাকার কাছাকাছি। উরুগুয়ের ম্যাচ ফি ধরা হয়েছে ১২.৫ কোটি টাকা, আর তাদের চার্টার্ড ফ্লাইটে লাগবে ৩ কোটি। পানামার ম্যাচ ফি ৫.৫ কোটি টাকা এবং বিমান ভাড়া ৫০ লক্ষ টাকা।
এত টাকা ফেডারেশন তুলবে কীভাবে? মূলত টিকিট বিক্রির উপরই ভরসা। ভারত-ব্রাজিল ম্যাচের টিকিটের দাম ৯৯৯ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত। কম দামের টিকিট বাজারে আসার পরপরই শেষ হয়ে গিয়েছে। টিকিট বিক্রির পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক চুক্তি থেকেও রাজস্ব তোলার ছক কষেছে ফেডারেশন। খরচের এই হিসেব অবশ্য সরকারিভাবে স্বীকার করেনি এআইএফএফ। গত ১৯ অগস্টের এক প্রেস বিবৃতিতে ফেডারেশন জানায়, প্রাতিষ্ঠানিক নিয়ম মেনেই ম্যাচটি হচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খরচের দাবিকে স্বীকার করেনি ফেডারেশন। সংবাদমাধ্যমকে যাচাই করা তথ্যের ভিত্তিতেই আর্থিক দাবি প্রকাশ করার নির্দেশ দিয়েছে। তাই সিবিএফ বা এআইএফএফ সরকারি সিলমোহর না দেওয়া পর্যন্ত ৩৫-৪০ কোটি টাকার ম্যাচ ফি-কে আনুমানিক হিসেবেই ধরা হচ্ছে।
