বাকিংহাম প্যালেসে আমন্ত্রিত সৌরভ, ব্রিটিশ রাজপরিবারে খেলবেন চ্যারিটি ম্যাচ
সংবাদদাতা, কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় এবার ব্রিটেনের রাজ পরিবারের বিশেষ অতিথি। প্রিন্স অফ ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিনের আমন্ত্রণে তিনি বাকিংহ্যাম প্যালেসে একটি চ্যারিটি ম্যাচ খেলতে যাচ্ছেন মহারাজ। সেই ম্যাচে তাঁর সঙ্গী হবেন ব্রায়ান লারা।
মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে দুর্গাপুজো উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সিএবি সভাপতি হিসেবে সেখানে থাকবেন সৌরভও। অনুষ্ঠানের পরের দিনই তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।
রাজ পরিবারের আমন্ত্রণ সৌরভ ইতিমধ্যেই গ্রহণ করেছেন। চ্যারিটি ম্যাচে খেলতে রাজি হওয়ায় তাঁকে ধন্যবাদ জানিয়ে চিঠিও পাঠানো হয়েছে। চিঠিটি লিখেছেন প্রিন্স ও প্রিন্সেস অফ ওয়েলসের কমিউনিকেশন সেক্রেটারি লি থম্পসন। আগামী সপ্তাহের শুরুতেই সফরের খুঁটিনাটি সৌরভকে জানিয়ে দেওয়া হবে। ম্যাচ কখন হবে এবং আর কারা খেলবেন, তা-ও তখনই জানা যাবে। পুজোর আগেই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ডে সৌরভের বরাবরই ভাল জনপ্রিয়তা। ১৯৯৬ সালে লর্ডসে টেস্ট অভিষেকেই তিনি শতরান করেন, এবং ইংল্যান্ডের মাটিতে প্রথম দুটি টেস্টেই সেঞ্চুরি হাঁকান। সাদা বলের ক্রিকেটেও সেখানে তাঁর একাধিক উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। এমনকি একদিনের ক্রিকেটে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটিও এসেছিল ইংল্যান্ডের টনটনে।
