কবিতার আঙিনায় নতুন আঙ্গিকে ছন্দার ছন্দের দোলা
সংবাদদাতা, কলকাতা: এই সময়ের বাচিক শিল্পে ছন্দা রায় এক বিশিষ্ট নাম। আবৃত্তি পরিবেশনায় তাঁর নানা পরীক্ষা নিরীক্ষা সাম্প্রতিক সময়ে এক নতুন পথের দিশা দেখিয়েছে। তাঁর আবৃত্তি শুধু আবেগ তৈরি করে না, এক নিবিড় ভাবজগতের মধ্যে সেই পরিবেশনা শ্রোতাকে টেনে নিয়ে যায় এবং তার রেশ থেকে যায় দীর্ঘক্ষণ। যতবার তিনি মঞ্চে আসেন এক নতুন আঙ্গিকে আলোকিত হয় কবিতার ভুবন। সম্প্রতি শিশির মঞ্চে আয়োজিত হয়েছিল ‘সর্জন আবৃত্তি আকাদেমি’র অনুষ্ঠান ‘ছন্দে ছন্দে ছন্দা’।
অনুষ্ঠানের গোড়ার পর্বে ছন্দা মূলত ছন্দের কবিতা আবৃত্তি করেন। আমাদের ছেলেবেলায় পড়া বহু কবিতা সেদিন তিনি আবৃত্তি করেছিলেন। শ্রোতাদের ভালো লাগা উপলব্ধ হচ্ছিল মুর্হূমুহূ করতালিতে। এই পর্বে তিনি ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’, ‘হৃদয় আমার নাচেরে আজিকে’, ‘ইলশে গুঁড়ি’, ‘তোরা সব জয়ধ্বনি কর’ সহ বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করেন। পরের পর্বে তিনি স্বরচিত ‘নেতাজি’, ‘দুর্গা’, ‘শিবতাণ্ডব’ কবিতা পরিবেশন করেন। শেষ পর্বে ছিল কথানাট্য ‘প্রেমময় শ্রীকৃষ্ণ’। দীর্ঘ সেই কথানাট্য শ্রোতাদের স্তব্ধ করে রেখেছিল। বিভিন্ন লীলার মধ্য দিয়ে কৃষ্ণসত্তা কীভাবে ভক্তের সঙ্গে লীলা করে, সেই বিষয়টি তত্ত্ব, ছন্দ ও কাহিনির মধ্য দিয়ে বিন্যস্ত হয়েছে। বাংলা আবৃত্তির অঙ্গনে এও যেন ছন্দার এক লীলা।
সমস্ত অনুষ্ঠানটিতে অসাধারণ আবহ সৃষ্টি করেছেন বিশ্বজিৎ দাস, আবলু চক্রবর্তী এবং চন্দন ঘোষ। এই অনুষ্ঠানটির পর শ্রোতারা অপেক্ষা করবেন ছন্দার পরবর্তী অনুষ্ঠানের জন্য।
