দু’ঘণ্টা ব্ল্যাকআউট হলে অতি বামপন্থীদের ওয়াশ আউট করে দেব, বললেন অর্জুন সিং
সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: কাঁকিনাড়ার পানপুর মোড়ে দলীয় কর্মিসভায় এসেছিলেন শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। সেখানে বিরোধীদের এক সুরে সমালোচনা করেছেন তিনি। কুনাল ঘোষকে ডিম ছোড়া নিয়ে তিনি বলেন, এমন কোন ডিম আছে কিনা আমার জানা নেই, যে ডিম ছুড়লে গাড়ির কাচ ভেঙে যায়, কাউকে খুন করা যায়। বামপন্থীরা কোনওদিন দেশের ভালো চায়নি। যারা বাবা মাকে প্রণাম করে না, তারা কাল মার্কস পড়ে লেনিন, স্ট্যালিনকে নমস্কার করে। আমাদের মুখ্যমন্ত্রী নিপাট ভদ্রলোক, তাই তিনি দেশবিরোধী লোকগুলোকে হজম করছেন। যাঁরা দেশকে টুকরো হওয়ার কথা বলছেন, আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে তাঁদের বিরুদ্ধে একটু কঠোর হতে হবে। অতি বামপন্থীদের তাড়াতে কার্বলিক অ্যাসিড লাগবে। আমি বলেছি দু’ঘন্টা ব্ল্যাক আউট করুক, এদেরকে এখান থেকে ওয়াশ আউট করে দেব। অতি বামপন্থীরা এখন তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে। কুণাল ঘোষকে ওয়াই ক্যাটাগরি দিক বা নাই দিক, জনগণ কিন্তু তার জবাব দিয়েছে। হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেছেন, পরে পাল্টি খেয়ে গেছেন এইতো তৃণমূলের অবস্থা।
