বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

পড়ুয়া ৭ জন ! হাজিরা শূন্য! স্কুল পরিদর্শনে শিক্ষা দপ্তর

28 September, 2026 7:44 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, মালদহ: মালদহ জেলার ইংরেজবাজারের সেন্ট্রাল স্কুল ফর গার্লস জুনিয়র হাইস্কুলে পড়ুয়াদের অনুপস্থিতি এবং শিক্ষক-শিক্ষিকাদের নিয়ম না মেনে আসা-যাওয়ার অভিযোগ সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে জেলা শিক্ষা দপ্তর। সোমবার দুপুরে ওই স্কুলে আচমকা পরিদর্শন করেন জেলা শিক্ষা দপ্তরের প্রতিনিধি শুকদেব প্রামাণিক। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত জুনিয়র হাই স্কুলে বর্তমানে পড়ুয়ার সংখ্যা মাত্র ৭ জন। শোনা যাচ্ছিল, দীর্ঘদিন ধরে স্কুলে নিয়মিত কোনও পড়াশোনা হয় না। এমনকি নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ হয়ে যায়। শিক্ষক-শিক্ষিকারা স্কুলে এসে কেবল হাজিরা খাতায় সই করে কিছুক্ষণ পরই চলে যান।  খবর প্রকাশ্যে আসতেই সোমবার দুপুরে সংশ্লিষ্ট স্কুলে আচমকা চলে আসেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা। পরিদর্শনের সময় দেখা যায়, স্কুলে কোনও ছাত্রীই উপস্থিত নেই। ছিলেন মাত্র একজন শিক্ষিকা এবং একজন ক্লার্ক। স্কুলের প্রধান শিক্ষিকাও এদিন অনুপস্থিত ছিলেন। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি, অন্য দুই শিক্ষিকা বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিউটিতে রয়েছেন। আধিকারিকরা স্কুলে পৌঁছে হাজিরা খাতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখেন। উপস্থিত শিক্ষিকা ও কর্মচারীর সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। পরিদর্শন শেষে শুকদেব প্রামাণিক জানান, স্কুলের যাবতীয় নথি ও রেকর্ড খতিয়ে দেখা হয়েছে। পরিদর্শনের সময় একজন শিক্ষিকা ও ক্লার্ক উপস্থিত ছিলেন। বাকিদের অনুপস্থিতির কারণ হিসেবে ছুটি বা পরীক্ষার ডিউটির কথা বলা হয়েছে। তবে স্কুলে কোনও পড়ুয়া উপস্থিত ছিল না। পুরো বিষয়টি রাজ্য শিক্ষা দপ্তরে জানানো হবে এবং রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী আইনি বা প্রশাসনিক পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, এর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান শিক্ষিকা দাবি করেছিলেন, তিনি নিয়মিত আসেন, তবে অন্য শিক্ষিকারা সই করেই চলে যান। অন্যদিকে, এক শিক্ষিকা সেই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে পাল্টা অভিযোগ করেন, প্রধান শিক্ষিকাই নিয়মিত আসেন না। বাকি শিক্ষিকারা নির্দিষ্ট সময় পর্যন্ত স্কুলেই থাকেন। পর্যাপ্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন স্কুলে মাত্র ৭ জন পড়ুয়া এবং কেনই বা তারা নিয়মিত স্কুলে আসে না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

প্রতিবেদন

Lopa Bhowmik