শিলিগুড়িতে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু, আটক নাবালক ‘প্রেমিক’ সহ ৩
সংবাদদাতা, শিলিগুড়ি: ১৬ বছরের এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে। ঘটনাকে ঘিরে পরিবারের অভিযোগ ও পরবর্তী পুলিশি পদক্ষেপে উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে কিশোরীর সঙ্গে সম্পর্কে থাকা এক নাবালক ও তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর সঙ্গে এক নাবালকের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি দু’জনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয় বলে পরিবারের দাবি। শনিবার বাড়ির ভিতর থেকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। দ্রুত তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিশোরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে খালপাড়া থানার পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর কিশোরীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপর ঘটনার তদন্তে নেমে রবিবার কিশোরীর সঙ্গে সম্পর্কে থাকা ওই নাবালক ও তার দুই বন্ধুকে পুলিশ আটক করে। ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এদিকে, কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, স্থানীয় কিছু মানুষ ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা অভিযুক্ত কিশোরের বাড়িতে হামলা চালান। পরিস্থিতি সামাল দিতে পুলিশি তৎপরতা বাড়ানো হয় বলে জানা গিয়েছে।
অন্যদিকে, কিশোরীর পরিবারের পক্ষ থেকে খালপাড়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ। সোমবার তিন নাবালককে দার্জিলিং জুভেনাইল আদালতে পেশ করা হয়।
