বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ক্যাম্পাসে ভূত, ঘুরছে আত্মা, প্রতিবাদে উত্তপ্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

26 September, 2026 3:55 PM UTSAB RC
শেয়ার করুন

চণ্ডীগড়:  শত শত ছাত্রছাত্রী রাস্তায় নেমে বিক্ষোভে গর্জে উঠল। স্লোগান উঠল, উই ওয়ান্ট জাস্টিস। কী কারণে এই প্রতিবাদ? ক্যাম্পাসে “ভূত” থাকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর গুজব ছড়িয়ে পড়ে যে প্রথম বর্ষের দুই ছাত্রী আত্মহত্যা করেছে এবং তাঁদের আত্মা হোস্টেলে ঘুরে বেড়াচ্ছে। ছাত্রছাত্রীদের দাবি, মেয়েদের হোস্টেল থেকে চিৎকারও শোনা গেছে। তারই প্রতিবাদে শুক্রবার রাতে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিক্ষোভের সময় একটি পুলিশের গাড়িও ভাঙচুর করার অভিযোগ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে পাঞ্জাবের পাতিয়ালা জেলার চিটকারা বিশ্ববিদ্যালয়ে শত শত ছাত্রছাত্রী রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাকেশ শর্মা স্পষ্ট জানিয়ে দেন যে ক্যাম্পাসে এমন কোনও ঘটনাই ঘটেনি — এসব নিছক সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিত্তিহীন গুজব। বিশ্ববিদ্যালয়ের সরকারি বিবৃতিতেও বলা হয়, কোনও মৃত্যু বা আত্মহত্যার ঘটনা হোস্টেলে ঘটেনি। এই দাবিগুলো “মিথ্যা ও তথ্যভিত্তিহীন”।

গুজবের একটা বড় কারণ ছিল — এক ছাত্রীর বাবা শুক্রবার  দুপুর প্রায় ৩টার সময় নিজের মেয়ের সঙ্গে দেখা করতে হোস্টেলে গিয়েছিলেন। তিনি পণ্ডিতজী নামে পরিচিত। তাঁর কলেজে আসাকে ভুলভাবে ব্যাখ্যা করে মৃত্যুর গুজবের সঙ্গে জুড়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এছাড়া বৃহস্পতিবার ভোরে হাসপাতাল থেকে ফেরা এক ছাত্রীর জন্য একটি অ্যাম্বুলেন্স হোস্টেলে এসেছিল, যেটাও ভিডিওতে দেখানো হয় এবং গুজবকে আরও উস্কে দেয়।

পুলিশ সেই সময় স্থানীয় এলাকায় টহল দিচ্ছিল। ক্যাম্পাসে অশান্তি দেখে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তাঁরা জানান,ছাত্রীরা দাবি করছে দুই ছাত্রী নিখোঁজ, কিন্তু কেউই নিখোঁজ ছাত্রীদের নাম বা পরিচয় নিশ্চিত করে বলতে পারেনি। পুলিশ জানিয়েছে, কোনও ছাত্রীর মৃত্যু বা আত্মহত্যা সম্পর্কে তাদের কাছে কোনও নিশ্চিত তথ্য আসেনি এবং তারা ঘটনার তদন্ত করছে — প্রয়োজনে প্রতিটি ছাত্রীর উপস্থিতি যাচাই করা হবে, কেউ সত্যিই নিখোঁজ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের মধ্যে দীর্ঘ আলোচনার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাটিও এখন তদন্তের আওতায় রয়েছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের অনুরোধ করেছে যাচাই না করা রিল, পোস্ট বা বার্তার উপর ভরসা না করতে, কারণ এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারের মধ্যে অহেতুক উদ্বেগ ও ক্যাম্পাস সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে। এখনও পর্যন্ত মৃত্যুর দাবির কোনও সত্যতা পাওয়া যায়নি, এবং পুলিশি তদন্ত চলছে।

প্রতিবেদন

UTSAB RC