বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

প্রবল বর্ষণে জল জমল উত্তর ও দক্ষিণ কলকাতার বহু এলাকায়

24 September, 2026 4:58 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: নিম্নচাপের প্রভাবে কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার মধ্যরাত থেকেই লাগাতার বৃষ্টি চলছে শহড় জুড়ে। টানা বৃষ্টিতে জল জমে গেছে একাধিক জায়গায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা, জমা জলের আশঙ্কা জারি করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে, দিনভর শহরজুড়ে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একটানা এই অতি ভারী বৃষ্টির ফলে উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক নিচু এলাকা যেমন সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, বালিগঞ্জ, মোমিনপুর, বেহালা ও পর্ণশ্রীর মতো অঞ্চলগুলিতে জল জমে গেছে । জলের কারণে যানজটের সৃষ্টি হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে বিকেলের ব্যস্ত সময়ে বাড়িফেরা সাধারণ যাত্রী ও কর্মজীবীদের ওপর। পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুরসভা এবং নবান্নের প্রশাসনিক বিভাগগুলিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পাম্পিং স্টেশনগুলোকেও।

আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, শুধু কলকাতাই নয়, রাজ্যজুড়ে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী ও অতি ভারী বৃষ্টির জন্য হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে দিনভর ভারী বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবারও দুর্যোগ কাটছে না। জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা বজায় থাকবে। পাশাপাশি কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরোনো এবং বিদ্যুৎ চমকানোর সময় নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হঠাৎ করে এই বৃষ্টি শুরু হওয়ায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের দৈনন্দিন জনজীবন কার্যত থমকে যেতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

প্রতিবেদন

UTSAB RC