অভয়া–কাণ্ডের ছায়ায় ওটিটিতে ‘অজেয়া’
নিজস্ব প্রতিনিধি : ‘অজেয়া: অজেয়া: স্পেশাল টাস্ক ফোর্স’ ঘিরে দর্শকদের কৌতূহল দিন দিন বাড়ছে।
এবার প্রকাশ পেল সিরিজটির অফিসিয়াল ট্রেলার। কিছুদিন আগে সামনে আসা পোস্টারেই মোটামুটি বোঝা গিয়েছিল এই সিরিজের প্রেক্ষাপট অভয়ার ঘটনা। আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ২০২৪–এর ৯ আগস্ট ঘটে যাওয়া সেই নির্মম ঘটনার ছায়া রয়েছে এই সিরিজে। কদিন আগেই দু বছর পূর্ণ হয়েছে সেই ঘটনার। আর সেই সময়ই সামনে আনা হল সিরিজের ট্রেলার।
যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের ভেতরে চলতে থাকা বিভিন্ন অন্যায়, অনৈতিক, অসৎ কাজের প্রতিবাদে সরব হচ্ছেন এক তরুণী। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরই তঁার জীবন হয়ে উঠছে দুর্বিসহ। তাকে সহ্য করতে হচ্ছে শারীরিক ও মানসিক নির্যাতন। যা পরবর্তীতে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তরুণীটিকে।
এই মৃত্যুর জন্য দায়ী কে বা কারা?
এই ভয়ঙ্কর ঘটনার নেপথ্যে কি লুকিয়ে রয়েছে ক্ষমতার প্রভাব ? এমন কোনও গোপন তথ্য কি জনে ফেলেছিল মেয়েটি যার জন্য তাকে পৃথিবী থেকে চলে যেতে হল? কোন নৃশংস খেলা চলে হাসপাতালগুলোর অন্দরে? এরকমই একগুচ্ছ প্রশ্ন উসকে দেবে ‘অজেয়া’। হয়ত হবে উত্তর খোঁজার চেষ্টাও।
সিরিজে একজন মহিলা পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে। এছাড়াও আছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, রুকমা রায়, ইন্দ্রাশিস, সাগ্নিক প্রমুখ। সরকারি হাসপাতালের ডাক্তার দেবপর্ণার খুনের তদন্তে নামেন এসিপি দামিনী সেনগুপ্ত ও তার নির্ভীক স্কোয়াড। প্রমাণ উধাও হয়ে যায়, সাক্ষীরা মুখ বন্ধ রাখে, আর প্রতিটি পদক্ষেপে বাধা আসে অদৃশ্য শক্তির কাছ থেকে। পাঁচ অফিসারের সত্যের খোঁজে ক্ষমতার বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি দিয়েই ‘অজেয়া’র প্রেক্ষাপট বুনেছেন পরিচালক অয়ন চক্রবর্তী। নির্যাতিতা দেবপর্ণার ভূমিকায় দেখা যাবে শিরিন পালকে। আগামী ২১ আগস্ট হইচইতে মুক্তি পাবে ‘অজেয়া: অজেয়া: স্পেশাল টাস্ক ফোর্স’।
