লালবাগে গণেশ উৎসবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২
সংবাদদাতা, মুম্বই: মুম্বইতে এখনও গণেশ উৎসবের আবহ। তারমধ্যেই লালবাগে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। কালাচৌকি এলাকার দত্তারাম লাড মার্গ সর্বজনীন উৎসব মণ্ডপের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল ৮ বছরের শিশু রাগিণী যাদব এবং ৩৩ বছর বয়সি সুজাতা। পুলিশ জানিয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
জানা গেছে, রবিবার ভোর ২–২০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এই সময়ে লালবাগে গণপতি উৎসব উপলক্ষে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছিল মণ্ডপ চত্বরে। মণ্ডপে ঢোকার মুখে বেশ কিছু অস্থায়ী দোকান ছিল। তার মধ্যে একটি থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই দুজন। প্রথমে অসাবধানতাবশত বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে চলে আসে শিশুটি। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মহিলান। দু’জনকেই তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনার পরেই ঘটনাস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পুলিশ এসে এলাকাটি ঘিরে দেয়। ঘটনার তদন্তে নেমেছে কালাচৌকি থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শর্ট সার্কিট থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। পুলি জানিয়েছে, গণপতি উৎসব উপলক্ষে বহু জায়গাতেই অস্থায়ী ভাবে বৈদ্যুতিক পরিকাঠামো, মিটারবক্স ও বিদ্যুৎ সংযোগের জন্য অস্থায়ী ইলেকট্রিক পোস্ট বসানো হয়েছে। যার ফলে দুর্ধটনার ঝুঁকি বেড়েছে। তবে লালবাগের মতো জায়গায় এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় উৎসবের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে এই ঘটনার জন্য প্রশাসনের গাফিলতি ও আলোকসজ্জার দায়িত্বে থাকা কমিটির উদাসীনতাকেই কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বাসিন্দারা। উৎসবের সময় বিদ্যুৎ সুরক্ষা ব্যবস্থা ঠিকমতো খতিয়ে দেখা হয়েছিল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
