দেহ নিয়ে টানাটানি কুকুরের! দিল্লির কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় ৪ অভিযুক্ত গ্রেপ্তার
সংবাদদাতা, নয়াদিল্লি: ফের রাজধানী! ১৭ বছর বয়সি এক কিশোরীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ। দিল্লির স্বরূপনগরের মাঠ থেকে উদ্ধার হয় কিশোরীর দেহ। জানা গেছে, দেহটি এতটাই পচেগলে গিয়েছিল এবং ক্ষতবিক্ষত ছিল যে প্রথমে মৃতের লিঙ্গ নিশ্চিত করতে পারেনি পুলিশ। পরে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে।
পুলিশ জানিয়েছে, গত রবিবার স্থানীয় বাসিন্দারা দেখেন বেশ কয়েকটি কুকুর একটি দেহ নিয়ে টানাটানি করছে। দেহটির মুখ ছিল ক্ষতবিক্ষত। একটি হাত শরীর থেকে আলাদা হয়ে পড়েছিল। পুলিশ এসে দেহ উদ্ধার করে।
তদন্তে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর থেকে তরুণীটি নিখোঁজ ছিল। তার বাড়ির লোক জানিয়েছে, মাঝেমধ্যেই সে কাউকে কিছু না বলে উধাও হয়ে যেত। পরে আবার ফিরে আসত। তাই তারা থানায় নিখোঁজের অভিযোগ জানায়নি। ঘটনার তদন্তে নেমে ৪ কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, ওই চারজনকেই ভালোভাবে চিনত ধর্ষিতা কিশোরী। ঘটনার দিন তাদের সঙ্গে একটি টেম্পোয় চেপে যাতায়াতও করেছিল। চার অভিযুক্তেরই বয়স ১৬ থেকে ১৯ বছরের মধ্যে। ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ১৫ ও ১৬ সেপ্টেম্বরের মাঝের রাতে তল্লাশি চালিয়ে টেম্পোটি চিহ্নিত করা হয়। চালককে জিজ্ঞাসাবাদের পর তদন্ত এগোয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে প্রাপ্তবয়স্ক যুবকের নাম শিবম ওরফে সুদামা। অভিযুক্তদের কাছ থেকে দু’টি ছুরি, তাঁদের পরা পোশাক এবং টেম্পোটি উদ্ধার করেছে পুলিশ।
