নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে উৎসবের আমেজ বামনগোলায়
সংবাদদাতা, মালদহ: বিশ্বকর্মা পুজো উপলক্ষে টাঙ্গন নদীতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এবারও মালদহ জেলা ব্যবসায়ী সমিতির সহযোগিতায় বামনগোলা ব্যবসায়ী সমিতি ও গাজোল ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নৌকা বাইচকে কেন্দ্র করে সকাল থেকেই নদীর দু’পাড়ে ছিল মানুষের থিকথিকে ভিড়। প্রতিযোগিতা শুরু হতেই নদীর দু’ধারের পাশাপাশি সেতুর ওপরেও ভিড় জমে যায়। দূর–দূরান্তের বিভিন্ন এলাকা থেকে কয়েকশো মানুষ এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে হাজির হন। প্রতিযোগীদের নৌকার ছন্দ, মাঝিদের দক্ষতা এবং দর্শকদের উচ্ছ্বাসে গোটা এলাকায় তৈরি হয় উৎসবের আবহ।
প্রতিবছর বিশ্বকর্মা পুজো উপলক্ষে অনুষ্ঠিত এই নৌকা বাইচ দীর্ঘদিন ধরে বামনগোলা ও গাজোল এলাকার অন্যতম আকর্ষণ। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতাকে ধরে রাখতে ব্যবসায়ী সমিতিগুলির উদ্যোগে এ বছরও আয়োজন করা হয় নৌকা বাইচের। অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থাও করা হয় পুলিশের পক্ষ থেকে। প্রতিযোগিতা দেখতে আসা লোকজনের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জুয়েল মুর্মু, উত্তর মালদহর সাংসদ খগেন মুর্মু, গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সেক্রেটারি উত্তম বসাক, হবিবপুরের বিশিষ্ট সমাজসেবী প্রতাপ সিং, বামনগোলা ও গাজোলের বিডিওসহ দুই এলাকার ব্যবসায়ী সমিতির সদস্যরা। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি এবং সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে এবারের নৌকা বাইচ প্রতিযোগিতা জমজমাট হয়ে ওঠে। ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে টাঙ্গন নদীর তীরে তৈরি হয় উৎসবের পরিবেশ।
